প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও দীর্ঘদিনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিদায় নিলে কোম্পানির ভবিষ্যৎ কী হয়? এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর নতুন করে সামনে এসেছে এ প্রশ্ন। ১৯৯৩ সালে সহপ্রতিষ্ঠাতা হিসেবে এনভিডিয়া গড়ে তোলার পর থেকে প্রতিষ্ঠানটির নেতৃত্বে ছিলেন হুয়াং। তার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০১৩ সাল থেকে কোম্পানিতে কর্মরত কোলেট ক্রেস। পাশাপাশি প্রথমবারের মতো পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। এ পদে এসেছেন প্রযুক্তি খাতে তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন বিনিয়োগকারী হার্ভে জোনস।
হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সাম্প্রতিক প্রতিবেদন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা, পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডারদের নজরে আসার পর বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন। এসব প্রতিবেদনে চীনা গোয়েন্দা সংস্থার সন্দেহভাজন এক সদস্য এবং কোম্পানির দুই কর্মীর সঙ্গে তার সম্পর্কের অভিযোগ উঠে এসেছে।
নেতৃত্বে পরিবর্তনের পর প্রশ্ন উঠেছে, এনভিডিয়ার প্রায় ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যের কতটা হুয়াংয়ের নেতৃত্বের ওপর নির্ভরশীল ছিল। ইয়র্কভিল আইভসের বিশ্লেষক ড্যান আইভসের পূর্বাভাস, হুয়াংয়ের অনুপস্থিতিতে কোম্পানিটির বাজারমূল্য ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমতে পারে।
প্রতিষ্ঠাতার ওপর এত নির্ভরতা কেন?
সিলিকন ভ্যালির অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতার পরিকল্পনা ও ব্যক্তিত্বকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বেইন অ্যান্ড কোম্পানির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিষ্ঠাতার নেতৃত্বাধীন কোম্পানিগুলো অন্য কোম্পানির তুলনায় ২ দশমিক ১ গুণ ভালো করেছে। প্রযুক্তি খাতে এই হার ২ দশমিক ৬ গুণ।
ফাউন্ডার্স ১০০ ইটিএফের পোর্টফোলিও ম্যানেজার মাইকেল মনাগান আলজাজিরাকে বলেন, প্রতিষ্ঠাতার মতো সাফল্য অর্জন করা উত্তরসূরিদের জন্য অত্যন্ত বিরল। তার মতে, এটি কোম্পানি গড়ে তোলার স্বাভাবিক বিবর্তন প্রক্রিয়া।
মেটা ও টেসলার মতো প্রতিষ্ঠানও প্রতিষ্ঠাতার নেতৃত্ব ও পরিকল্পনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ইউরেশিয়া গ্রুপের জিও-টেকনোলজি বিভাগের পরিচালক জিয়াওমেং লু বলেন, ইলন মাস্ক ছাড়া স্পেসএক্স বা মার্ক জাকারবার্গ ছাড়া মেটা কেমন হবে- এ প্রশ্নের মতোই এনভিডিয়ার ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য।
প্রতিষ্ঠাতার বিদায়ে সাফল্য ও সংকট
প্রতিষ্ঠাতার বিদায়ে কোম্পানির সংকটে পড়ার নজির রয়েছে অ্যাপল ও স্টারবাকসে। ১৯৮০-এর দশকে অ্যাপল ছেড়ে যাওয়ার পর স্টিভ জবসের অনুপস্থিতিতে প্রতিষ্ঠানটি সংকটে পড়ে। ১৯৯৭ সালে প্রায় দেউলিয়া হওয়ার মুখে থাকা অ্যাপলে ফিরে এসে জবস ঘুরে দাঁড়ানোর নেতৃত্ব দেন। পরে তার উত্তরসূরি টিম কুকের নেতৃত্বেও অ্যাপলের প্রবৃদ্ধি অব্যাহত থাকে। ২০২৬ সালের জুলাইয়ে প্রতিষ্ঠানটির বাজারমূল্য সাময়িকভাবে ৫ ট্রিলিয়ন ডলার ছাড়ায়।
স্টারবাকসের প্রতিষ্ঠাতা হাওয়ার্ড শুলৎজ ২০০০ সালে সিইওর পদ ছাড়ার পর প্রতিষ্ঠানটি একপর্যায়ে সংকটে পড়ে। বিক্রি কমে যাওয়া ও প্রতিযোগিতা বাড়ায় কোম্পানিটির বাজারমূল্য ৮০ শতাংশের বেশি কমে যায়। ২০০৮ সালে শুলৎজ আবার দায়িত্ব নিয়ে ঘুরে দাঁড়ানোর উদ্যোগ নেন।
তবে প্রতিষ্ঠাতার বিদায়ে সব প্রতিষ্ঠানের পতন ঘটে না। মাইক্রোসফটে বিল গেটসের পর স্টিভ বালমার এবং পরে সত্য নাদেলা নেতৃত্ব দেন। নাদেলা ক্লাউড কম্পিউটিং ও এন্টারপ্রাইজ সফটওয়্যারে গুরুত্ব দেওয়ার পর প্রতিষ্ঠানটির বাজারমূল্য ২০১৪ সালের ৩০২ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০২৬ সালের নভেম্বরে ৩ দশমিক ৮৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়।
এনভিডিয়ার সামনে চ্যালেঞ্জ
হুয়াংয়ের বিদায়ের পাশাপাশি এআই খাতের প্রবৃদ্ধির বড় অংশ এনভিডিয়ার শক্তিশালী চিপের ওপর নির্ভরশীল হওয়াও কোম্পানিটির জন্য গুরুত্বপূর্ণ বিষয়। ওপেনএআইয়ের সঙ্গে এনভিডিয়ার সম্ভাব্য আর্থিক চুক্তির পরিমাণ ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এ ছাড়া অ্যানথ্রপিতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি। অ্যানথ্রপির সম্ভাব্য মার্কিন শেয়ারবাজারে তালিকাভুক্তির সঙ্গে এই বিনিয়োগ যুক্ত।
এখন প্রশ্ন, হুয়াংয়ের পর নতুন নেতৃত্ব কতটা দক্ষতার সঙ্গে এনভিডিয়ার প্রবৃদ্ধি ধরে রাখতে পারে। এর ওপর শুধু কোম্পানিটির ভবিষ্যৎ নয়, বৃহত্তর এআই শিল্পের গতিপথও নির্ভর করতে পারে।
সূত্র: আল জাজিরা