অভিবাসন নিয়ে প্রশ্ন করায় হোয়াইট হাউসে এক নারী সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজের প্রতিনিধি মনিকা আলবাকে ‘অভদ্র’ আখ্যা দিয়ে তাকে সামনের সারিতে না বসে পেছনের সারিতে বসা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। এশিয়া সফর শেষে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। এ সময় তার সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার। সংবাদ সম্মেলনের শেষ দিকে অভিবাসন নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করার চেষ্টা করেন মনিকা আলবা। এ সময় সাংবাদিকের পরিচয় জানতে চান মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, ‘আপনি কার সঙ্গে আছেন?’ জবাবে আলবা বলেন, ‘আমি এনবিসির সঙ্গে আছি, স্যার। তবে আপনি কি প্রশ্নের উত্তর দেবেন?’ এরপর ট্রাম্প বলেন, ‘আপনি সত্যিই একজন অভদ্র মানুষ’।
ট্রাম্প অভিবাসন নিয়ে কথা বলছিলেন বলে উল্লেখ করেন আলবা। তবে তার প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমি আপনার সঙ্গে কথা বলছি না।’ এরপর যোগ করেন, ‘আপনার সামনের সারিতে বসা উচিত নয়। আপনার পেছনের সারিতে বসা উচিত’।
ট্রাম্পের সঙ্গে মনিকা আলবার বাকবিতণ্ডায় প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউসও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হোয়াইট হাউসের র্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট থেকে ওই সাংবাদিককে লক্ষ্য করে আক্রমণাত্মক মন্তব্য করা হয়। পোস্টে আলবাকে ‘এনবিসির অত্যন্ত অভদ্র ভুয়া খবরের পরাজিত প্রতিনিধি’ বলে আখ্যা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আচরণেরও সমালোচনা করা হয়। পোস্টে বলা হয়, ‘এই মানুষগুলোর সত্যিই কোনও লজ্জা নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সামনে তাদের আচরণ ঘৃণ্য’।
সূত্র: উইয়ন নিউজ
.@POTUS is interrupted by a VERY rude Fake News loser from NBC. These people truly have no shame. It's disgusting how they act in the presence of the President of the United States. https://t.co/Tf5HMx6mXc
— Rapid Response 47 (@RapidResponse47) November 20, 2026