মার্কিন নাগরিকদের বিয়ে করা, বেশি করে সন্তান নেওয়া এবং তাদের খ্রিষ্টীয় মূল্যবোধে বড় করার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। গত ১৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘বিয়ে করুন, বেশি সন্তান নিন, তাদের চার্চে বড় করুন এবং আমেরিকাকে ভালোবাসতে শেখান’।
পোস্টের সঙ্গে যুক্ত ছিল ওয়াশিংটন পোস্টের একটি শিরোনামের স্ক্রিনশট। সেখানে বলা হয়েছিল, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলমানের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে বলে এক গবেষণায় উঠে এসেছে।
লিভিটের পোস্টে বিয়ে, পারিবারিক জীবন ও ধর্মীয় মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়া হয়। সন্তানদের চার্চে বড় করা এবং তাদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলার আহ্বান জানান তিনি।
তবে পোস্টটি ঘিরে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ পরিবার ও ধর্মীয় মূল্যবোধের ওপর তার গুরুত্বারোপকে সমর্থন করেছেন। অন্যরা সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, জনপরিচিত ব্যক্তিদের কি নির্দিষ্ট জীবনধারা বা ধর্মীয় পথ অনুসরণের আহ্বান জানানো উচিত?
যুক্তরাষ্ট্রে তরুণ পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয়, শিশুর যত্ন নেওয়ার খরচ এবং সামগ্রিক আর্থিক চাপের বিষয়টিও সামনে এনেছেন অনেকে। আবার কারও কারও মতে, সন্তানদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিজেদের ধর্মীয় বিশ্বাস বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত। এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘যারা মাতৃত্বকালীন ছুটি, ডে-কেয়ার, জীবনধারণের উপযোগী মজুরি ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার বিরোধিতা করেন, তারাই আবার বেশি সন্তান নেওয়ার কথা বলেন। এরপরও তারা অবাক হন, মানুষ কেন বেশি সন্তান নিচ্ছে না’।
সূত্র: এনডিটিভি
Get married, have more babies, raise them in the church, and teach them to love America. https://t.co/Zs96P8Jfd9
— Karoline Leavitt (@karolineleavitt) November 19, 2026