বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, বাড়লো ২ শতাংশের বেশি

এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও ঘুরে দাঁড়িয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৬০০ ডলারের ওপরে উঠে এসেছে। দরপতনের পর কম দামে স্বর্ণ কেনার প্রবণতা, মার্কিন ডলারের দুর্বলতা এবং শেয়ারবাজারে অস্থিরতা কমে আসায় মূল্যবান ধাতুটির দাম বেড়েছে। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ৩ হাজার ৬৪৬ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ২ দশমিক ২৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৪৪ ডলারে লেনদেন হয়।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক প্রযুক্তি খাতের শেয়ারগুলোর দর পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির কারণে বাজারে লেনদেনের গতি কমে আসায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-সংক্রান্ত উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে। ফলে নগদ অর্থ সংগ্রহের জন্য বিনিয়োগকারীদের স্বর্ণ বিক্রির চাপ কমেছে। পাশাপাশি মার্কিন ডলারের সামান্য দরপতনও স্বর্ণের দাম বাড়াতে সহায়তা করেছে।

এর আগে বুধবারের লেনদেনে স্বর্ণের দাম প্রতি আউন্স ৩ হাজার ৫০০ ডলারের নিচে নেমে যায়। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম মূল্যবান ধাতুটির দাম ওই সীমার নিচে নামে।

তবে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকায় আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারণী বৈঠকে সুদের হার বাড়ানোর প্রত্যাশা জোরালো হয়েছে। বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতি স্বর্ণের দামে সামগ্রিক ঊর্ধ্বমুখী প্রবণতার পথে বাধা হয়ে রয়েছে। কারণ, স্বর্ণ থেকে কোনও সুদ বা আয় পাওয়া যায় না। ফলে শুক্রবারের পুনরুদ্ধার সত্ত্বেও দাম বাড়ার গতি সীমিত থাকতে পারে।