স্বাস্থ্যসেবা নিয়ে বাণিজ্য গ্রহণযোগ্য না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসবার জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে মানহীন ক্লিনিক ও মেডিক্যাল কলেজের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে সবার সহযোগিতা চেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। রবিবার রাজধানীতে একটি দৈনিকের কার্যালয়ে আয়োজিত ‘সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবা নিয়ে বাণিজ্য কখনোই গ্রহণযোগ্য না। নিয়ম-নীতি না মেনে ক্লিনিক ও মেডিক্যাল কলেজ পরিচালনা করলে অনুমোদন বাতিল করতে সরকার বাধ্য হবে। ইতোমধ্যে চারটি বেসরকারি মেডিক্যাল কলেজের চলমান শিক্ষাবর্ষে ভর্তি স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্ত বাকি কলেজগুলোর জন্য সতর্কবার্তা। একবার অনুমোদন পেয়ে গেছে বলে নীতিমালা মানবে না, তা হতে পারে না।’
তিনি বলেন, ‘১৬ কোটি মানুষের দেশে সীমিত সম্পদ নিয়ে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা দুরূহ। সরকারি হাসপাতালে শয্যা সংখ্যার অতিরিক্ত রোগী এলেও ফেরত দেওয়া হয় না।’ গ্রামের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে রাজধানীর বিশেষায়িত হাসপাতালগুলো থেকে মানুষ আধুনিক চিকিৎসা গ্রহণ করতে পারছে বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

মোহাম্মদ নাসিম বলেন, ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে মাঠ পর্যায়ের চিকিৎসক, নার্সসহ সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দেশের জনগণের দোরগোড়ায় সহজে কম খরচে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার যে কর্মসূচি হাতে নিয়েছে তা সফল করতে সবাইকেই যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।’

/জেএ/এমও/