জানা গেছে, ঢাকায় বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে পাঁচটি উপজেলায় আর দুটি থানায় সেবা সপ্তাহ ও সচেতনতা কার্যক্রম চলছে। সেবা ও প্রচার সপ্তাহকে সামনে রেখে গত ২৪ ডিসেম্বর থেকে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনতামূলক সভা হচ্ছে। পরিবার কল্যাণ অধিদফতরের এই আয়োজন চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।
পরিবার পরিকল্পনা ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক মীর্জা কামরুন নাহার বাংলা ট্রিবিউনকে বললেন, ‘আমরা উৎসবমুখর পরিবেশে সেবা সপ্তাহ উদযাপন করবো। সেজন্য ব্যানার-ফেস্টুনে সাজছে আমাদের অফিসগুলো। ঢাকা শহরের সব ফুটওভার ব্রিজে ফেস্টুন লাগানো হচ্ছে। সেবা সপ্তাহ কেন উদযাপন করছি তা জানাতে বড় আকারে উঠান বৈঠকের আয়োজন করতে চাই। জাতীয় পর্যায়ে সপ্তাহ উপলক্ষে টিভিতে প্রচার হবে টক শো। এ বছর আমরা সেবা সপ্তাহ উপলক্ষে প্রচারে বেশি গুরুত্ব দিচ্ছি।’
এদিকে কড়াইল বস্তি, সাততলা বস্তি, বাউনিয়া বাঁধ বস্তিসহ বড় বড় বস্তিগুলোতে ছোট ও বড় আকারে আলোচনা সভার আয়োজন করা হচ্ছে, এমন তথ্য দিলেন মীর্জা কামরুন নাহার। বস্তি এলাকার মেয়েদের মধ্যে সচেতনতা বৃদ্ধিই এর মূল লক্ষ্য।
পরিবার পরিকল্পনা ঢাকা কার্যালয়ের মাঠকর্মীরা সাধারণত ৮০০ থেকে ১২০০ দম্পতি নিয়ে কাজ করে থাকেন। সেবা সপ্তাহ উপলক্ষে তিন হাজার দম্পতিকে লক্ষ্য রেখে ক্যাম্প করছেন তারা। মীর্জা কামরুন নাহার বললেন, ‘আমরা মা, শিশু ও পরিবারের স্বাস্থ্য নিয়ে কাজ করি। পরিবার পরিকল্পনা সেবায় আমাদের অর্জন অনেক। হয়তো কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাইনি, তবে সেবাদানের ক্ষেত্রে পিছিয়ে নেই আমরা।’