‘তরুণ চিকিৎসকদের চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে’

নবীণ বরণ অনুষ্ঠান

তরুণ চিকিৎসকদের সামনে অনেক সম্ভাবনা। আগামীতে দেশের স্বাস্থ্য খাতে তারাই নেতৃত্ব দেবে। তবে তাদের সামনেও অনেক চ্যালেঞ্জ আসবে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই তাদের এগিয়ে যেতে হবে।

রবিবার (২৯ জুলাই) ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের প্রথম ব্যাচের বিদায় ও নবীনদের বরণ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর মালিবাগে কলেজটির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এমএ আজিজ বলেন, ‘বাংলাদেশের নবীন চিকিৎসকদের এখনই অগ্রসর হবার সময়। দেশে তিনটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় রয়েছে। চালু হচ্ছে ৫০০ শয্যার বার্ন ইনন্সিটিউট।’ এসময় ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতার জীবন থেকে শিক্ষা নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে কলেজটির সার্জারি বিভাগের প্রধান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এম এ বাকী বলেন, ‘নবীন চিকিৎসকদের সামনে অনেক সম্ভাবনা। তারাই আগামীতে দেশের স্বাস্থ্য খাতে নেতৃত্ব দেবে।’

কলেজটির ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক মঞ্জুরুল কাদের খান বলেন, ‘নবীন চিকিৎসকদের সামনে অনেক চ্যালেঞ্জ। নবীনদের জন্য আমার পরামর্শ, ইর্ন্টান করার সময়টুকু কাজে লাগাতে হবে। এসময় সম্পূর্ণ ব্যবহার করতে পারলে চিকিৎসা জীবনে কোনও চ্যালেঞ্জেই তাদের আটকে রাখতে পারবে না।’

অনুষ্ঠানে প্রথম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের সনদপত্র ও দ্বিতীয় ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের হাতে ফুল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টার্ন চিকিৎসকদের সমন্বয়ক অ্যানেস্থেসিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মেহতাব আল ওয়াদুদ খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজটির উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুকুল ইসলাম, হাসপাতালটির পরিচালক ডা. আব্দুল মালেক মৃধা প্রমুখ।