মাতৃমৃত্যু রোধে কাজ করবে ফেটো ম্যাটারনাল মেডিসিন সোসাইটি

মা ও শিশু স্বাস্থ্যদেশে বর্তমানে প্রতি ১ লাখে ১৯৬ জন নারী মা হওয়ার সময় মারা যান। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা কমিয়ে প্রতি লাখে ৭০ করার লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাতে (এসডিজি)। ৫৪ ভাগ মাতৃমৃত্যু প্রতিরোধযোগ্য। ঠিক কী কী কারণে বাংলাদেশে মাতৃমৃত্যু প্রতিরোধ করা যাচ্ছে না এটি নিয়ে আগামী রবিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে দুদিনব্যাপী সম্মেলন।

ফেটো ম্যাটারনাল মেডিসিন সোসাইটি আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘এভরি মাদার অ্যান্ড এভরি ফেটাস কাউন্টস’।
সম্মেলনে দেশের ও বাইরে থেকে আসা প্রায় ৮০০ গাইনি চিকিৎসক, গবেষক ও বিশেষজ্ঞ অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন সম্মেলনের সঙ্গে যুক্ত ডা. শারমীন আব্বাসী। তিনি বাংলা ট্রিবিউনকে মোবাইলে বলেন, ‘২ সেপ্টেম্বর হল অব সেলিব্রেটিতে বিকাল সাড়ে ৪টায় আয়োজিত সংবাদ সম্মেলনে আমরা গণমাধ্যমের কাছে সম্মেলনের প্রাপ্তি নিয়ে কথা বলবো।’
তিনি বলেন, ‘এই সোসাইটি মূলত বাংলাদেশে মাতৃমৃত্যু প্রতিরোধে করণীয় নিয়ে কাজ করবে।’