৭ দিনে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৮জন

নতুন বছরের প্রথম সাতদিনে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ জন। আর এই সময়ের মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন। বুধবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

কন্ট্রোল রুম থেকে জানা গেছে, সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতারে বর্তমানে ভর্তি আছেন ৪৪ জন। এর মধ্যে রাজধানী ঢাকার ২৯টি বেসরকারি ও ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি আছেন ৩৫ জন। আর ঢাকা মহানগরী ছাড়া ঢাকা বিভাগসহ আট বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ৯ জন।

অন্যদিকে, কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ( ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে ৮ জানুয়ারি সকাল ৮টা) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫ জন। এর মধ্যে ঢাকার ভেতরে দুই জন আর ঢাকার বাইরে তিন জন।’ 

নতুন বছরে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এখনও কোনও মৃত্যু ডেঙ্গুতে হয়নি। তবে গত বছরে (২০১৯) তারা ১৪৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন, যদিও বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও বেশি।