করোনা ভাইরাস: যে যেখানে আছেন, তাকে সেখানেই থাকার অনুরোধ

আইইডিসিআর

এই মূহূর্তে যে ব্যক্তি যে দেশে আছেন, তাকে সেখানেই অবস্থান করার আহ্বান জানিয়েছে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। বৃহস্পতিবার (১২ মার্চ) প্রতিষ্ঠানটির পরিচালক পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পৃথিবীর দুই তৃতীয়াংশ দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারি বলে ঘোষণা করেছে। তাই যে ব্যক্তি যে দেশে আছেন, যেখানে আছেন তার সেখানে অবস্থান করাই উত্তম। কারণ বিমানে আরোহণ, ট্রানজিট ও অবতরণের সময় বিমানবন্দরের টার্মিনাল এবং বিমানের ভেতরে যে কোনও যাত্রী বা ক্রুদের মাধ্যমে বিমানের অন্যরা সংক্রমিত হতে পারেন। সংক্রমিত যাত্রী বা ক্রু যে দেশে অবতরণ করবেন সে দেশে কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তার মাধ্যমে প্রথমেই সংক্রমণ ছড়াতে পারে পরিবারে।

একইসঙ্গে যেসব দেশে কোভিড-১৯ এর সংক্রমণ ঘটেছে সেসব দেশ থেকে যাত্রীরা এলে (দেশি-বিদেশি যে কোনও নাগরিক) তাদেরকে ১৪ দিন স্বেচ্ছা বা হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানানো হয়েছে।  সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের কারও মধ্যে যদি কোভিড-১৯ এর লক্ষণ দেখা যায় তবে অন্য কোথাও না যেয়ে প্রথমেই আইইডিসিআর-এর হটলাইনে যোগাযোগ করার অনুরোধ করা হল।