বর্তমানে ১৭টি প্রতিষ্ঠানের ল্যাবে আরটি পিসিআর পদ্ধতিতে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা করা হচ্ছে, এর বাইরে আরও ১১টি প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। মঙ্গলবার ( ১৪ এপ্রিল) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন পরীক্ষা পদ্ধতি প্রসারিত করার জন্য আরও ১১টি প্রতিষ্ঠানকে প্রস্তুত করা হচ্ছে, তারা আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে কাজ শুরু করবে।
নতুন প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকার বাইরের প্রতিষ্ঠানগুলো হচ্ছে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, কুমিল্লা মেডিক্যাল কলেজ, ফরিদপুর মেডিক্যাল কলেজ, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ আর ঢাকার ভেতরে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, মুগদা মেডিক্যাল কলেজ ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এছাড়াও কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও কাজ চলছে।
প্রসঙ্গত, ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হবার পর আজ মঙ্গলবার ২০৯ জন শনাক্ত হয়েছেন, মারাও গেছেন ৭ জন। যা কিনা শনাক্ত এবং মৃত্যুর সংখ্যায় সর্বোচ্চ। একইসঙ্গে হাজার ছাড়ালো কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ১২ জন আর মারা গেছেন ৪৬ জন। এখন পর্যন্ত ৪২ জন সুস্থ হয়েছেন বলেও জানান অধ্যাপক নাসিমা সুলতানা।