করোনা শনাক্তের প্রক্রিয়ায় যুক্ত হচ্ছেন বায়োকেমিস্ট ও মলিকিউলার বায়োলজিস্টরা

করোনা পরীক্ষা

করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ এবং পরীক্ষার সঙ্গে এবার যুক্ত হচ্ছেন গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য বায়োকেমিস্ট ও মলিকিউলার বায়োলজিস্টরা। শুক্রবার (১ মে) করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, বায়োকেমিস্ট ও মলিকিউলার বায়োলজিস্টরা করোনা মোকাবিলায় যুক্ত হয়েছেন। তারা ইতোমধ্যে বিভিন্ন মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল যেমন রংপুর, রাজশাহী, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, স্যার সলিমুল্লাহ, মুগদা মেডিক্যাল কলেজ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসক, টেকনিশিয়ান ও সাপোর্টি স্টাফদের নমুনা সংগ্রহ, প্রোসেসিং এবং ৮টি পিসিআরের মাধ্যমে কোভিড-১৯ টেস্ট সম্পাদন করার বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন এবং সম্পাদন করেছেন।

তিনি বলেন, ২৯ এপ্রিল গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের একটি সফল আলোচনা হয়। তারই আলোকে গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট ও মলিকিউলার বায়োলজিস্টরা ব্যাপকভাবে সংযুক্ত হবেন করোনা শনাক্ত করার বিষয়ে। আশা করছি, এতে সারাদেশে করোনা পরীক্ষার সংখ্যা আরও বৃদ্ধি পাবে। এই দুর্যোগ মুহূর্তে জাতির সেবায় এগিয়ে আসার জন্য গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই।