গত ২৪ ঘণ্টায় ঢাকায় আরও ৩৮ ডেঙ্গু রোগী

করোনার মধ্যেও মাথাচাড়া উঠছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুলাই মাসের প্রথম ৪ দিনে শুধু ঢাকায় ৯৪ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এরপর গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৮ জনই ঢাকায় এবং ১ জন ঢাকার বাইরে।  সোমবার  (৫ জুলাই)  স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এর আগে ৪ জুলাই ৩১ জন,  ৩ জুলাই ৩০ জন, ২ জুলাই ১২ জন এবং ১ জুলাই ঢাকায় ২১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। এসময় ঢাকার বাইরে ২ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে।

পাশাপাশি সারাদেশের বিভিন্ন সরকারী ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ১২০ জন রোগী ভর্তি আছে । এর মধ্যে ঢাকাতেই আছে  ১১৭ জন , আর বাকি ৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ৫ জুলাই পর্যন্ত ৫০৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৩৮৪ জন। তবে এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।