মিরপুরে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধদের ৪ জন আইসিইউতে

রাজধানীর মিরপুর-১১ নম্বরের সি ব্লকে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৭ জনের ৪ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে রয়েছেন। বাকি তিন জন এইচডিইউতে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে শেখ হাসিনা বার্নের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল এ তথ্য জানান।

ডা. শংকর বলেন, দগ্ধদের মধ্যে শফিকুল ইসলামের (৩৫) শরীরের ৮৫ শতাংশ, সুমনের (৪০) ৪৫ শতাংশ, রওশন আরার (৭০) ৮৫ শতাংশ, রিনার (৫০) ৭০ শতাংশ, নওশীনের (৫) ১৫ শতাংশ, নাজনীনের (২৫) ২৭ শতাংশ এবং রেনুর (৩৫) শরীরের ৩৮ শতাংশ পুড়ে গেছে। প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। সবারই শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।

বুধবার দিবাগত রাত একটার দিকে মিরপুর ১১ নম্বরে ৬তলা ভবনের নিচ তলায় গ্যাস লাইন মেরামতের সময় আগুন জ্বালিয়ে চুলা পরীক্ষার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে বলে জানান ভবনের মালিক রফিকুল ইসলাম। তিনি বলেন, আমাদের নিজ বাড়িতে এক সপ্তাহ ধরে গ্যাস ঠিকমতো আসছিল না। ৩ দিন আগেও গ্যাস লাইন মেরামত করা হয়। গ্যাস লাইনের সমস্যা দেখা দিলে মিস্ত্রী গ্যাস লাইন ঠিক করে পরীক্ষামূলক চুলায় আগুন ধরিয়ে পরীক্ষা করার সময় আচমকা বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই ৭ জন দগ্ধ হন।