করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে আতঙ্ক বিশ্বজুড়ে। আর এই ওমিক্রনে শিশু ও কমবয়সীদের হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রবিবার ( ২৬ ডিসেম্বর) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।
দক্ষিণ আফ্রিকায় এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পরে ইউরোপের বিভিন্ন হাসপাতালের প্রতিবেদন অনুযায়ী শিশু এবং কম বয়সীদের হাসপাতালের ভর্তির হার বেড়েছে জানিয়ে তিনি বলেন, বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। ওমিক্রন নিয়ে হেলাফেলা করার সুযোগ একেবারেই নেই।
অধ্যাপক রোবেদ আমিন বলেন, বিশ্বের প্রায় ১১০টি দেশে ওমিক্রন ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত পাওয়া তথ্য ও গবেষণার ভিত্তিতে জানা গেছে, এখন পর্যন্ত পাওয়া অন্যান্য ভ্যারিয়েন্টের চাইতে ওমিক্রনের সংক্রমণের ক্ষমতা দুই-তিন গুণ বেশি।
তবে ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনীয়তা ৩০ ভাগ কম জানিয়ে তিনি বলেন, এটা আমাদের জন্য একটা ভালো খবর। ডেল্টা বা আগের ভ্যারিয়েন্টগুলোর সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যাবে, ওমিক্রনে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তা ২০ ভাগ কম থাকবে।