হরমোন সংক্রান্ত রোগগুলো নারীদের মধ্যেই বেশি দেখা যায়। এর মধ্যে একটা বড় অংশই হলেন প্রজননক্ষম নারী। গর্ভকালীন ডায়াবেটিস, থাইরয়েডে রোগ, স্থূলতা, অস্টিওপোরোসিস ইত্যাদি নারীর দৈনন্দিন জীবন থেকে প্রজনন, নিরাপদ মাতৃত্ব ও সুস্থ সন্তান প্রসবে বড় প্রভাব ফেলে আসছে। অথচ বাংলাদেশের অনেক নারী এসব বিষয়ে সচেতন নন বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির বিশেষ উইমেন হেলথ টাস্ক ফোর্স গঠন অনুষ্ঠানে এ তথ্য জানান তারা।
প্রসঙ্গত, হরমোন বিষয়ে নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও গবেষণার লক্ষ্য নিয়ে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি তৈরি করেছে বিশেষ উইমেন হেলথ টাস্ক ফোর্স। আন্তর্জাতিক নারী দিবসে এই টাস্ক ফোর্সের লোগো উন্মোচন ও বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয় ঢাকা ক্লাবে।
অনুষ্ঠানে চিকিৎসকরা বলেন, অজ্ঞতা, কুসংস্কার ও সংকোচের কারণে নারীরা স্বাস্থ্যসেবা কম নেন। ফলে বাড়ে জটিলতা। আবার ডায়াবেটিস বা ওবেসিটিও হয় নারীদের। কিন্তু এসব রোগের চিকিৎসাও তারা নিতে আসেন কম।
একইদিন বাংলাদেশে ডায়াবেটিস গবেষণার অগ্রদূত প্রফেসর এমিরেটাস ডা. হাজেরা মাহতাবকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে গর্ভকালীন ডায়াবেটিস ও নারীর বিভিন্ন বয়সে থাইরয়েডের সমস্যা নিয়ে দুটি আলাদা নিবন্ধ উপস্থাপন করেন ডা. রুশদা শারমিন ও ডা. শারমিন চৌধুরী। বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন হরমোন বিশেষজ্ঞ ডা. সুলতানা মারুফা শেফিন, ডা. তানজিনা হোসেন ও ডা. মারুফা মুস্তারী।
বিশেষজ্ঞ হরমোন চিকিৎসকরা বলেন, নারীর সমস্যা মানেই কেবল মেয়েলি সমস্যা নয়, যে কোনও রোগেই নারীকে সচেতন হতে হবে। খাদ্যাভ্যাস পরিবর্তন, ব্যায়াম বা জগিং, ওষুধ বা ইনসুলিন গ্রহণ কিংবা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় পুরুষ ও নারীর সচেতনতায় ও সুযোগ প্রাপ্তিতে তারতম্য দেখা যায়। সুস্বাস্থ্য রক্ষা ও চিকিৎসা সেবা গ্রহণে নারীর ক্ষমতায়নও বাড়াতে হবে বলে জানান তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অবস্ট্রিক্যাল অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি বাংলাদেশ (ওজিএসবি)-এর সভাপতি অধ্যাপক ফেরদৌসী বেগম জাতীয় পর্যায়ে প্রতিটি অন্তঃসত্ত্বা নারীর থাইরয়েড ও ডায়াবেটিস পরীক্ষা চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি অধ্যাপক মো. আশরাফুজ্জামান দেশে নারীদের হরমোনজনিত সমস্যাগুলো নিয়ে সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহ ও গবেষণায় জোর দিয়ে আশা প্রকাশ করেন যে উইমেন টাস্ক ফোর্স প্রতিবছর আন্তর্জাতিক নারী দিবসে তথ্য উপাত্ত ও গবেষণা ফলাফল প্রকাশ করবে।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সহ-সভাপতি ও উইমেন হেলথ টাস্ক ফোর্সের কনভেনর ডা ফারিয়া আফসানা। নুভিস্তা ফার্মাসিউটিকালস অনুষ্ঠানটিতে সহযোগিতা করে।
কেন এই বিশেষ টাস্কফোর্স গঠন করা হলো প্রশ্নে ডা. তানজিনা হোসেন বংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি যখন পোস্ট গ্রাজুয়েশন শেষ করি, তখন আমরা দেশে নারী এন্ডোক্রাইনোলজিস্ট মাত্র তিন জন। এখন সংখ্যায় অনেক বেড়েছে। তারপরও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।’
অথচ হরমোনজনিত প্রবলেমগুলো নারীদেরই বেশি হয় জানিয়ে তিনি আরও বলেন, ‘নারীরা পুরুষ এন্ডোক্রাইনোলজিস্টদের কাছে এসব উপসর্গ বলতে এখনও দ্বিধা করেন। এসব ভেবেই নারীর হরমোন চিকিৎসায় বিশেষ উইমেন টাস্ক ফোর্স করা হলো।’
ডা. তানজিনা হোসেন বলেন, ‘আমি আমেরিকান কলেজ অফ এন্ডোক্রাইনলজিতে ফেলোশিপ করতে গিয়ে এটা প্রথম দেখি। ওখানে নারী এন্ডোক্রাইনোলজিস্টরা আলাদা সোসাইটি করেছে। তারা মেয়েদের বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলনও করে।’