ইউনাইটেড হেলথকেয়ারের বিশ্ব ক্যানসার দিবস উদযাপন

ইউনাইটেড হেলথকেয়ারের সহ প্রতিষ্ঠান ইউনাইটেড হসপিটাল, ইউনাইটেড মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, এম এ রশিদ হসপিটাল এবং মেডিক্সে বিশ্ব ক্যানসার দিবস উদযাপন করেছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) এই দিবস উপলক্ষে ইউনাইটেড হেলথকেয়ার ফ্রি ক্যানসার স্ক্রিনিংসহ মাসজুড়ে নানামুখী কর্মসূচি পালন করছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ক্যানসার স্ক্রিনিং সাধারণ মানুষের মধ্যে ক্যানসার বিষয়ে সচেতনতা বাড়াতে এবং শুরুতেই ক্যানসার শনাক্ত করার জন্য পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করবে।

শুরুতেই ক্যানসার শনাক্ত এবং সঠিক চিকিৎসায় প্রায় এক তৃতীয়াংশ ক্যানসার নিরাময় সম্ভব। এই উদ্যোগটি সারাদেশের মানুষকে উচ্চমানের স্বাস্থ্যসেবা এবং সহায়তা প্রদানের জন্য ইউনাইটেড হাসপাতালের প্রতিশ্রুতির অংশ।

ইউনাইটেড হেলথকেয়ার জানায়, মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে গুলশানের ইউনাইটেড হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারদের নেতৃত্বে ৪ ফেব্রুয়ারি থেকে ৭ দিন ক্যানসার স্ক্রিনিং অনুষ্ঠিত হবে। জামালপুরের এম এ রশিদ হসপিটালে  দিনব্যাপী ক্যানসার স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে। সাতারকুলের ইউনাইটেড মেডিক্যাল কলেজ ও হসপিটালে আগামী সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং শনিবার ১২ ফেব্রুয়ারি ধানমন্ডির মেডিক্সে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্যানসার স্ক্রিনিং অনুষ্ঠিত হবে।

উক্ত ফ্রি ক্যানসার স্ক্রিনিং প্রোগ্রামে যে কেউ ক্যানসারের পারিবারিক ইতিহাস ও শারীরিক লক্ষনাদি পর্যালোচনা করে ক্যানসারের উপস্থিতি কিংবা সম্ভাবনা যাচাই করতে পারবেন। প্রয়োজনে পরবর্তী করণীয় সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করতে পারবেন।