১৪ বছরে ৪৫ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকার ২০০৯ সালে প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ২০২৩ সাল পর্যন্ত ৪৫টি ওষুধ (অ্যালোপ্যাথিক) কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২১ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ওষুধ প্রশাসন অধিদফতর ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন লাইসেন্স সাময়িক বাতিল বা বাতিল, উৎপাদন ও বাজারজাতকরণে স্থগিতাদেশ দিয়ে থাকে। সময়ে সময়ে ওষুধ প্রশাসনের গৃহীত সব ব্যবস্থা জাতীয় দৈনিকে বিস্তারিত বিজ্ঞাপন আকারে প্রচার বা প্রকাশ করা হয়।’

দিদারুল আলমের আরেক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘বর্তমানে বাংলাদেশে শনাক্তকৃত এইচআইভি রোগীর সংখ্যা ৯ হাজার ৭০৮ জন। এরমধ্যে ৬ হাজার ৭৫ জন চিকিৎসাধীন। মারা গেছেন ১ হাজার ৮২০ জন।’

জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশে অ্যালোপ্যাথিক, হারবাল, ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক জাতীয় ওষুধ তৈরির ৯০২টি কারখানা আছে। এরমধ্যে অ্যালোপ্যাথিক জাতীয় ওষুধের কারখানা ৩০১টি।

৫০ হাজার নদী দখলকারীর নাম প্রকাশ

সরকার দলীয় সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এরইমধ্যে সারা দেশে অবৈধভাবে নদী দখলদারদের সমন্বিত খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে এবং জেলাভিত্তিক দখলদারের তালিকা নদী রক্ষা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাতে ৫০ হাজারের বেশি দখলদারের পরিচয় প্রকাশ করা হয়েছে।’

তিনি বলেন, ‘বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীসহ বিভিন্ন নদীর উল্লেখযোগ্য সংখ্যক অবৈধ দখলদার উচ্ছেদ করে নদীগুলো অনেকটা দখলমুক্ত করা হয়েছে। অবশিষ্ট অবৈধ দখলদার উচ্ছেদের কাজ চলমান রয়েছে। এ পর্যন্ত ১৫ হাজারের বেশি অবৈধ দখলদার উচ্ছেদের তথ্য জেলা প্রশাসকরা কমিশনে পাঠিয়েছেন।

তিনি জানান, নদীভিত্তিক অবৈধ দখলদারের তালিকা ও উচ্ছেদ সংক্রান্ত অগ্রগতির তালিকা প্রণয়নের কার্যক্রম শেষ পর্যায়ে। ৪৭টি জেলা থেকে তথ্য পাওয়া গেছে।

ফিটনেসবিহীন নৌযান চলতে দেওয়া হয় না

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন নাহারের প্রশ্নের জবাবে নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের নদীতে ফিটনেসবিহীন কোনও নৌযান চলাচল করতে দেওয়া হয় না। ফিটনেসবিহীন নৌযানের বিরুদ্ধে নিয়মিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ হয়ে থাকে। সব নৌযানকে নিবন্ধনের আওতায় আনার জন্য নৌযান সার্ভেয়ার এবং পরিদর্শকের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।’

তিনি বলেন, ‘নৌপরিবহন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কোনও নদীবন্দর, ঘাট বা নৌপরিবহন অধিদফতর থেকে দেওয়া রেজিস্ট্রেশন, সার্ভে (ফিটনেস) সনদবিহীন কোনও নৌযান চলাচলের জন্য অনুমতি দেওয়া হয় না।’

দেশে ৩ লাখ ৩১ হাজার মসজিদ

সংরক্ষিত নারী সংসদ সদস্য শামসুন নাহারের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘কোভিড চলাকালীন সময় কওমি মাদ্রাসা ও মসজিদের অনুকূলে প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক অনুদান বিতরণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য সংগ্রহ করা হয়েছে। সে আলোকে সারা দেশে মসজিদের সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ১২৫টি এবং কওমি মাদ্রাসার সংখ্যা ১৩ হাজার ৯৬৭টি।’