চিকিৎসকদের প্রাইভেট চেম্বার ও সার্জারি বন্ধের কর্মসূচিতে রোগীর ভোগান্তি প্রসঙ্গে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, ‘এটা মানবিক না। চিকিৎসকের মানবিক হওয়া খুব জরুরি। বড় চিকিৎসক হওয়ার চেয়ে মানবিক চিকিৎসক হওয়া খুব জরুরি। তাদের বোঝা উচিত, যে কাজটি করছেন সেটি সঠিক হচ্ছে কিনা। রোগী জিম্মি করা, এটা তো কোনও বিষয়ের মধ্যে পড়ে না। চিকিৎসকদের মানবিক হতে হবে, রোগী ক্ষতিগ্রস্ত হবে কেন? আমি মনে করি, তাদের এখান থেকে ফিরে আসা জরুরি।’
সোমবার (১৭ জুলাই) রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
সেন্ট্রাল হাসপাতালের ঘটনার প্রসঙ্গ টেনে স্বাস্থ্য সচিব বলেন, ‘সেখানে কী কী বিষয় আছে, সেটা আমরা পর্যালোচনা করে দেখছি। খুব শিগগরই আমরা ব্যবস্থা নিতে পারবো– একথা আমরা চিকিৎসকদের বলেছি। তারা স্বতঃস্ফূর্ত হয়ে কর্মসূচি দিয়েছেন, তবে আমাদের সরকারি হাসপাতালগুলো চালু আছে, সব ধরনের সেবা চালু আছে। আমার বিশ্বাস, এই সমস্যা থাকবে না। এই সমস্যা দুই একদিনের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা কথা বলেছি, দ্রুত সমস্যার সমাধান হবে।’
তিনি আরও বলেন, ‘এই যে কর্মবিরতিটা হয়েছে, প্রাইভেট চেম্বারে হয়েছে। এখন প্রাইভেট চেম্বারের মালিকরা তো বলেননি যে, আমাদের কর্মবিরতি চলছে। এটা তো প্রাইভেট চেম্বারের মালিকদের বলার কথা, তারা কেন বলবেন না। তারা তো ব্যবসার ভিত্তিতে চালান। এখানে যদি চিকিৎসকরা কাজ না করেন, তাহলে সরকারের সঙ্গে কী সমস্যা হয়েছে, সেটা নিয়ে তো কথা বলবেন। কেননা প্রাইভেট সেক্টর থেকেই তো জটিলতা হয়েছে, সরকারি চেম্বার থেকে তো হয়নি। কাজেই প্রাইভেট সেক্টরকে তো এগিয়ে আসতে হবে। তারপরও তো আমরা বললাম, যে আমরা আছি, কাজ করছি, বসে নেই তো।’
প্রসঙ্গত, সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ নবজাতক ও প্রসূতি মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসককে গ্রেফতার এবং অপর এক চিকিৎসককে জামিন না দেওয়ার প্রতিবাদে দুই দিন প্রাইভেট চেম্বারে রোগী দেখা এবং সার্জারি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চিকিৎসকরা।