‘হাসপাতাল অনুমোদনে ব্রেস্ট ফিডিং কর্নার নিশ্চিতের নির্দেশনা চাওয়া হবে’

দেশের সরকারি-বেসরকারি সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং কর্নার থাকা জরুরি বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম। রবিবার (৬ আগস্ট) বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৩ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বেসরকারি জায়গাগুলোতেও ব্রেস্ট ফিডিং ও ডে কেয়ার সেন্টার চালুর উদ্যোগকে উৎসাহিত করতে চাই। হাসপাতালগুলোর অনুমোদন ও পুনঃঅনুমোদন দেওয়ার সময় ব্রেস্ট ফিডিং কর্নার ও ডে কেয়ার আছে কি না তা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের নির্দেশনা চাওয়া হবে।

খুরশিদ আলম জানান, মাতৃদুগ্ধের জন্য সহায়ক পরিবশ সৃষ্টিতে সারাদেশে ২১৮২টি ব্রেস্ট ফিডিং কর্নার এবং ১৩২৬টি ডে কেয়ার সেন্টার করে দেওয়া হয়েছে।

দেশে মানুষের চিকিৎসা সেবায় নারীরা বেশি ভূমিকা রাখছে জানিয়ে তিনি বলেন, চিকিৎসা ক্ষেত্রে নতুন ভর্তি হওয়া ছাত্রীর সংখ্যা ৭৬ শতাংশ। নারী চিকিৎসকদের সংখ্যা ৭০ থেকে ৭৫ শতাংশ। নারী চিকিৎসকরা সমাজে মাতৃদুগ্ধ পানের প্রসারে ভূমিকা রাখবে তা আমরা আশা করি।

পিতৃত্বকালীন ছুটির বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে করে পরিবারগুলোতে সুসম্পর্ক আরও বাড়বে।