দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনার এই চিঠি বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, সেক্রেটারি ও বাংলাদেশে প্রাইভেট মেডিক্যাল কলেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ৭ জানুয়ারি দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন ও তারপর সময়ে যেকোনও ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য আগামী ১০ জানুয়ারি পর্যন্ত সব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোকে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে।
এতে আরও বলা হয়, যে কোনও রোগীকে সরকারি হাসপাতালে রেফার করার ক্ষেত্রে রোগীকে অবশ্যই প্রাথমিক চিকিৎসা দিয়ে সংশ্লিষ্ট হাসপাতালে যোগাযোগ করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাঠাতে হবে এবং ব্যবস্থাপত্র-ছাড়পত্রের সঙ্গে দায়িত্বরত চিকিৎসকের পূরণকৃত রেফারেল ফর্ম সংযুক্ত করে রেফার করতে হবে।