‘ভিশনস্প্রিং’ গ্লোবাল বোর্ডে যোগ দিলেন মোশতাক চৌধুরী

বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ড. মোশতাক রাজা চৌধুরী  ‘ভিশনস্প্রিং’ এর গ্লোবাল বোর্ড অব ডিরেক্টরসে নির্বাচিত হয়েছেন। ভিশনস্প্রিং একটি যুক্তরাষ্ট্র-ভিত্তিক সামাজিক উদ্যোগ, যা এশিয়া-আফ্রিকার উদীয়মান দেশগুলোতে চশমা তথা রিডিং গ্লাসের ব্যবহারকে ত্বরান্বিত করছে। তিনিই প্রথম বাংলাদেশি যিনি কাঙ্ক্ষিত ভূমিকায় যোগ দেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

হেলথ ওয়াচের পক্ষ থেকে জানানো হয়— সাম্প্রতিক চিঠিতে ভিশনস্প্রিংয়ের মনোনয়ন ও পরিচালনা কমিটির চেয়ারম্যান ড. রিড ফাস জানিয়েছেন, ‘আমি এমন অল্প কিছু যোগ্য মানুষের কথা বলতে পারি, যারা ভিশনস্প্রিং-এর সঙ্গে থেকে এর  দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সাহায্য করতে পেরেছেন। একইসঙ্গে যিনি কিনা  বিস্তৃত পরিসরে জনস্বাস্থ্যের সাফল্য এবং ভিশনস্প্রিংয়ের সঙ্গে অংশীদারত্বের কয়েক দশকের অভিজ্ঞতা অকাতরে দিয়েছেন।’

প্রফেসর মোশতাক একজন বিশেষজ্ঞ যার বিশ্বব্যাপী উন্নয়ন, জনস্বাস্থ্য, শিক্ষা এবং দারিদ্র্য হ্রাস বিষয়ে দীর্ঘ ৪০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি ব্র্যাকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ব্র্যাকের সঙ্গে সম্পৃক্ত থাকা অবস্থায় তিনি ভিশনস্প্রিংয়ের কাজ সম্পর্কে জানতে পারেন  এবং  সেখান  থেকেই এর প্রতি দীর্ঘ আগ্রহ জন্মায়। তিনি বর্তমানে কলম্বিয়া ইউনিভার্সিটির মেইলম্যান স্কুল অব পাবলিক হেলথের একজন অধ্যাপক, ২০০৪ সাল থেকে তিনি এ পদেবহাল রয়েছেন।

‘ভিশনস্প্রিং’-এর লক্ষ্য হলো প্রিসবায়োপিয়া বা অদূর-দৃষ্টিজনিত সমস্যায় ভুগছেন— এমন মানুষদের চশমার মাধ্যমে উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা করা এবং তাদের মানসিক স্বাস্থ্য ও শারীরিক সুস্থতার জন্য কাজ করে যাওয়া।  শুধুমাত্র বাংলাদেশে সংস্থাটি দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য প্রভাবসহ ২০ লাখেরও বেশি জোরা চশমা বিতরণে সহায়ক ভূমিকা পালন করেছে।