বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রশাসন। গতকাল বুধবার (৮ জানুয়ারি) বিএসএমএমইউ’র কেবিন ব্লকের চার তলায় চিকিৎসাধীন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত রোগীদের মাঝে দাবা, লুডুসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার গণঅভ্যুত্থানে আহত রোগীদের মাঝে বেশ কিছু সময় অতিবাহিত করেন এবং তাদের সঙ্গে খেলাধুলায় অংশ নেন। এ সময় বিএসএমএমইউ’র পরিচালক (হাসপাতাল, অতিরিক্ত দায়িত্ব) ডা. হাসনাত আহসান সুমন, সহকারী পরিচালক মো. আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
রোগীরা যাতে একটু মানসিক স্বস্তিতে থাকেন এবং খেলাধুলা ও বিনোদনের মাঝে ভালোভাবে সময় কাটাতে পারেন সেজন্য বিএসএমএমইউ প্রশাসন এই উদ্যোগ নিয়েছে বলে জানানো হয়। এতে করে সেখানে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত রোগীরা কিছুটা হলেও তাদের ওপর ঘটে যাওয়া মানসিক ট্রমা থেকে মুক্ত থাকবেন। বর্তমানে অত্র বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে মোট ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম কেবিন ব্লকের চার তলার প্রতিটি কক্ষে গিয়ে আহত রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। উপাচার্য গণঅভ্যুত্থানে আহত রোগীদের আন্তরিকতার সঙ্গে সর্বাধুনিক উন্নত চিকিৎসা দেওয়াসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।