হামে শিশু মৃত্যু নিয়ে তদন্ত চলছে: স্বাস্থ্য সচিব

ইপিআই টিকার সংকট এবং হামে শিশু মৃত্যুর ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, “হামে কেন এতগুলো শিশুর মৃত্যু হলো, এ ক্ষেত্রে কারও কোনও গাফিলতি ছিল কি না তা তদন্তে খতিয়ে দেখা হবে। তদন্তের ফলাফল সাংবাদিকসহ দেশবাসীকে জানানো হবে।”

শনিবার (৯ মে) রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে এক গোলটেবিল আলোচনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আলোচনা শুরুর আগে এক সাংবাদিক প্রশ্ন করেন টিকার সংকট ও হামের ঘটনায় কোনো তদন্ত হবে কি না। জবাবে মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, “আমরা কাজ করছি।”

সাংবাদিকেরা জানতে চান, ঘটনার তদন্ত শুরু করবে, নাকি তদন্ত শুরু হয়েছে। স্বাস্থ্যসচিব বলেন, “তদন্ত শুরু হয়েছে। কাজ চলছে।”

এরপর স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেন, “কেন বাচ্চাগুলো হারালাম, কারও কোনও গাফিলতি ছিল কি না, তার তদন্ত হবে।”

কাদের নিয়ে তদন্ত কমিটি হয়েছে, কবে হয়েছে—এ ধরনের কোনও প্রশ্নের উত্তর সচিব দেননি। তবে তিনি বলেছেন, “তদন্তের ফলাফল সাংবাদিকসহ সবাইকে জানানো হবে।”