শ্যামলীতে হাসপাতালে ‘গ্যাস লিকেজ’, শিশু মৃত্যুর অভিযোগ

রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি শিশু হাসপাতালে ‘অক্সিজেন লাইনে লিকেজ’ করায় চার মাসের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।

রাজধানীর ‘শ্যামলী বেবি কেয়ার’ নামে হাসপাতালে মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা কিংবা অভিযোগ দায়ের করা হয়নি।

মারা যাওয়া শিশুটির বাবা মো. ফারুক তার সন্তানের মৃত্যুর জন্য অক্সিজেন লিকেজকে দায়ী করেছেন। তিনি বলেছেন, হাসপাতালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর তার মৃত্যু হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বিস্ফোরণের ঘটনা স্বীকার করছে না। শিশুটি গত পাঁচ দিন ধরে হাম পরবর্তী জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর হাসপাতালের ভেতর বিকট একটি শব্দ হয়। এতে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্বাভাবিক ধরে নিয়ে রোগীদের আশ্বস্ত করার চেষ্টা করে গ্যাস লিকেজ বলে। এরপর শিশুটি লাইফ সাপোর্টে থাকা অবস্থা মারা যায়। 

শিশুটির বাবা মো. ফারুক জানান, তিনি তার সন্তানের ময়নাতদন্ত করতে চান না। লিখিত কোনও অভিযোগও তিনি করেননি।

ঘটনা প্রসঙ্গে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এস‌আই) মো. শরীফ জানান, রোগীর স্বজনরা বিস্ফোরণের অভিযোগ করলেও আমরা তেমন আলামত পাইনি। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গ্যাস লিকেজ হয়েছে। রোগীর স্বজনরা যদি লিখিত অভিযোগ করে, তাহলে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা নেবো।

তবে এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগ করা হলে হাসপাতালের কর্মকর্তারা কথা বলতে রাজনি হননি।