হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টার মধ্যে তারা মারা যায়। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ জন।

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ৮১৬ জনের মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যু ৯১৫ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৮১ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫০ জনের। মোট ১ হাজার ৩১ হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৮৬ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ২০ হাজার ৯১৩ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনের। এ সময়ের মধ্যে ১৭ হাজার ৯৩০ জনের হাম শনাক্ত হয়।