হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

সারা দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১১৪-তে। এছাড়া এ সময়ে ১ হাজার ২৪২ জনের শরীরে হাম ও হামের উপসর্গ দেখা গেছে।

শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন। সেইসঙ্গে নিশ্চিত হামে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত তিনজনই ঢাকা বিভাগের বাসিন্দা।

অধিদফতরের তথ্য বলছে, সারা দেশে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ২১ হাজার ৬২৩ জনের হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৭২ হাজার ২১ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।