সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের তথ্য পাওয়া গেছে।
শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৬০ জন, খুলনা বিভাগে ২৩৩ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, রংপুর বিভাগে ৫৯ জন, বরিশাল বিভাগে ১৯৯ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, চলতি বছরের শুরু থেকে শনিবার পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১০ হাজার ৩১২ জন। তাদের মধ্যে ১ লাখ ৪ হাজার ১৯৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৭৭১ জন। এ সময়ে ডেঙ্গুতে মোট ৩৪২ জনের মৃত্যু হয়েছে।