হাম উপসর্গে আরও দুজনের মৃত্যু, আক্রান্ত ১০৩১

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ জন। 

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ১০৩ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ২০৭ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৯৯৫ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৩৬ জনের। মোট ১ হাজার ৩১ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৬০৮ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬০ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ২৪৮ জনের।