ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন।

শনিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮৩১ জন। এ ছাড়া খুলনায় ২৫৯ জন, চট্টগ্রামে ২৪৭ জন, বরিশালে ২১০ জন, রাজশাহীতে ১৮৫ জন, ময়মনসিংহে ৯২ জন, রংপুরে ৭৩ জন এবং সিলেটে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ সময়ে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকায় তিনজন, ময়মনসিংহে দুজন এবং চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে একজন করে রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪২৯ জন। এ সময়ে মারা গেছেন ৪২৭ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ১১৪ জন।

গত বছর একই সময়ে (১ জানুয়ারি থেকে ১ নভেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭০ হাজার ৫১৩ জন। মারা গিয়েছিলেন ২৫৬ জন। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় এ বছর আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রায় দ্বিগুণ।