ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০১০

সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এছাড়া এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয় ২ হাজার ১০ জন।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৯৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন, চট্টগ্রাম বিভাগে ২৪৫ জন, খুলনা বিভাগে ২৩৫ জন, রাজশাহী বিভাগে ২১৯ জন, রংপুর বিভাগে ৬৫ জন, বরিশাল বিভাগের ২১৯ জন এবং সিলেট বিভাগে ২৪ জন আক্রান্ত হয়েছেন। 

আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯০৯ জন। এদের মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৫৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৫ হাজার ৮৭৬ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গিয়েছে ৪৩৯ জন।