ডেঙ্গুতে প্রাণ গেলো ৩ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে এই চিত্র উঠে এসেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এই বিভাগে ভর্তি হয়েছেন ৭১৪ জন, আর মারা গেছেন দুই জন। এরপরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ, সেখানে ভর্তি ৩১১ জন। বরিশাল বিভাগে ভর্তি হয়েছেন ২১৩ জন, আর সেখানে একজন মারা গেছেন। এছাড়া খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, ময়মনসিংহে ৫০ জন ও রংপুর বিভাগে ৬০ জন এবং সিলেট বিভাগে ২১ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৪৭ হাজার ৫৮০ জন। এই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৫৮ জনের। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪১ হাজার ২৯৬ রোগী।

বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৮২৬ ডেঙ্গু রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী আছেন ঢাকা বিভাগে, ২ হাজার ৫৮৫ জন। বরিশাল বিভাগে ৬৯১ জন, রাজশাহী বিভাগে ৬৫২ জন, চট্টগ্রাম বিভাগে ৪০২ জন, খুলনা বিভাগে ৯৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৩৭ জন, রংপুর বিভাগে ২২৬ জন এবং সিলেট বিভাগে ৬০ জন রোগী বর্তমানে চিকিৎসাধীন।