ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় (রবিবার ৮ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৩৩ জন।

রবিবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ১২৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, খুলনা বিভাগে ৩৩২ জন, রাজশাহী বিভাগে ২১৩ জন, রংপুর বিভাগে সাত জন, বরিশাল বিভাগের ২৩২ জন এবং সিলেট বিভাগে ১৫ জন রয়েছে।

আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৯০৬ জন। তাদের মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৩৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৬ হাজার ৬৩ জন চিকিৎসাধীন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ৪৬১ জন।