হামে আক্রান্ত হওয়া শিশুদের অনেকে নতুন করে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগতে শুরু করেছে। ফুসফুসের সংক্রমণে কারও কারও নিতে হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। এমনকি লাইফ সাপোর্টেও নিতে হচ্ছে কোনও কোনও শিশুকে। শিশুকে সুস্থ করতে দিনের পর দিন হাসপাতালে থাকতে হচ্ছে অভিভাবকদের। চিকিৎসার খরচ, ওষুধ কেনা আর সন্তানের জীবন নিয়ে উদ্বেগ—সব মিলিয়ে কঠিন সময় পার করছেন তারা।
নোয়াখালীর নূর আলম বিজয় শ্যামলীর শিশু হাসপাতালে তার ছয় মাস বয়সী মেয়েকে নিয়ে ১৯ দিন ধরে ভর্তি। জ্বর, হাম তারপর নিউমোনিয়া। এভাবে রোগের সঙ্গে যুদ্ধ করে কেটে গিয়েছে ১৯ দিন। বিজয় বলেন, ‘প্রথমে জ্বর আসে, এরপর হাম দেখা দেয়। পরে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা দেয়। বাচ্চাকে নিয়ে নোয়াখালীতে চিকিৎসা করিয়েছি। সেখান থেকে ঢাকা মেডিক্যালে রেফার করা হয়। পরে শিশু হাসপাতালে নিয়ে যাই। সেখানে সিট খালি না থাকায় ভর্তি নেয়নি। এরপর এখানে এসে ভর্তি করাই।’
তিনি বলেন, ‘১৯ দিন হয়ে গেছে এখানে। প্রথমে আট-নয় দিন হাম নিয়ে ভর্তি ছিল। এরপর দুই-এক দিন পর বাচ্চার অবস্থা খারাপ হওয়ায় আইসিইউতে নেওয়া হয়। ফুসফুসে ইনফেকশনও হয়েছিল। আইসিইউতে দুই দিন থাকার পর কিছুটা সুস্থ হলে আবারও সাধারণ বেডে স্থানান্তর করা হয়। প্রথমে পাশের বেডে টাকা দিয়ে থাকতে হয়েছে, পরে এখানে ফ্রি বেডে চলে এসেছি। কারণ চিকিৎসায় অনেক খরচ হচ্ছে।
একই হাসপাতালে নয় মাস বয়সী বাচ্চাকে নিয়ে বাসাবোর মাদারটেক থেকে এসেছেন মা রিমি। এই হাসপাতালেই বাচ্চার বয়স বেড়ে গিয়েছে একমাস। রিমি বলেন, ‘প্রথমে বাচ্চার জ্বর ছিল। জ্বর নিয়ে রামপুরার ফরাজী হাসপাতালে ভর্তি করেছিলাম। পরে শরীরে হামের র্যাশ উঠলে সেখানকার চিকিৎসক বলেন, এখানে আর রাখা যাবে না, শিশু হাসপাতালে নিতে হবে। ওই হাসপাতালের চিকিৎসকই আমাদের এখানে (শ্যামলীর শিশু হাসপাতাল) পাঠিয়ে দেন। এরপর হাম শনাক্ত হওয়ার পরপরই নিউমোনিয়া ধরা পড়ে। নিউমোনিয়ার কারণে ফুসফুসে ইনফেকশন হয়েছিল, শ্বাসকষ্টও ছিল। আজকে এক মাস তিন দিন ধরে এখানে ভর্তি আছি। প্রথমে ১৩ দিন ওয়ার্ডে ছিলাম। এরপর ১৪ দিন এমআইসিইউতে রাখা হয়। সেখান থেকে দুই দিন আগে বের হয়েছে। এর মধ্যে বাচ্চার অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে, লাইফ সাপোর্টেও চলে গিয়েছিল। এখন ইনফেকশনের সব রিপোর্ট ভালো এসেছে।’
তিনি বলেন, ‘বাচ্চাকে যখন এখানে নিয়ে আসি, তখন বয়স ছিল ৯ মাস। এখন ১০ মাস চলছে। সবার ওপরেই অনেক ধকল গিয়েছে। কিন্তু এত কষ্টের পরও বাচ্চা সুস্থ হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া, বাচ্চা ফিরে এসেছে।’
মিরপুর ৭ নম্বর থেকে মিতু আক্তার খাদিজা বাচ্চাকে নিয়ে আছেন একই হাসপাতালে। তিনি বলেন, ‘প্রথমে বাসায় বাচ্চার জ্বর ছিল। এরপর কাশি হয়। পরদিন শরীরে হামের র্যাশ দেখা দেয়। হাম দেখা দেওয়ার পরপরই বাচ্চাকে এখানে নিয়ে আসি। হাসপাতালে আনার পর চিকিৎসকরা জানান, বাচ্চার বেশ কিছু সমস্যা রয়েছে। পরে এক্স-রে করানোর পর হাম ও নিউমোনিয়া ধরা পড়ে।’
একই ঘটনা ঘটে হাবিবুর রহমান জয়ের সঙ্গেও। উনার বাসা টঙ্গীতে। বাচ্চাকে নিয়ে ভর্তি আছেন হাসপাতালে। তিনি বলেন, ‘বাচ্চার চার দিন আগে হাম ধরা পড়েছে। হামের লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি করিয়েছি। ওর হামের পাশাপাশি নিউমোনিয়াও দেখা দিয়েছে। এখন দেখছি হামের পর বেশিরভাগ বাচ্চার নিউমোনিয়া দেখা দিচ্ছে।’
প্রসঙ্গত, রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হামের জন্য কেবিন ও ওয়ার্ডসহ ১০০টি শয্যা রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এর মধ্যে ৯৯টিতে রোগী ভর্তি ছিলেন। সেখানকার চিকিৎসকরা, নার্সরা সরাসরি নাম প্রকাশ করে কথা বলতে চাননি। তবে তারা জানান, হামের কারণে বাচ্চারা দুর্বল হয়ে পড়ছে। জ্বরে সঙ্গে ঠাণ্ডার প্রভাব নিয়েই অনেকে হাসপাতালে আসছেন, এরপর এসে ধরা পড়েছে যে, তাদের অনেকেই নিউমোনিয়াও আক্রান্ত। তারা জানান, হামে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছে তাদের একটা অংশ নিউমোনিয়ায় আক্রান্ত হয়েই মারা যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাম হলে শিশুর রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়। ফলে তারা নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে। বিশেষ করে যারা অস্বাস্থ্যকর পরিবেশে থাকে, স্যাঁতসেঁতে জায়গায় বসবাস করে, কিংবা ধোঁয়া ও বায়ুদূষণের মধ্যে থাকে, তাদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় তারা সহজেই নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে। কাজেই এই ঝুঁকিটা বাস্তব।’
তিনি বলেন, ‘হাম হলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এ অবস্থায় তারা সবচেয়ে বেশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়। এ ছাড়া কারও কারও পেটের সমস্যা হতে পারে, আবার কারও ক্ষেত্রে আরও জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে নিউমোনিয়া হয়...বিশেষ করে দরিদ্র পরিবারের শিশুদের মধ্যে। কারণ তাদের আগে থেকেই অপুষ্টি থাকে। হামের কারণে তাদের শরীরে যে পুষ্টি আছে, সেটাও কমে যায়। এর সঙ্গে বায়ুদূষণ যুক্ত হয়। শহরসহ দেশের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে বায়ুদূষণ বেশি থাকায় শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি আরও বাড়তে পারে। এটি হাম-পরবর্তী একটি জনস্বাস্থ্য সমস্যা।’
এদিকে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, আজ যেসব সমস্যার কথা শুনলাম, আমাদের দেশে নিউমোনিয়ায় মৃত্যুহার বেশি—এ নিয়ে শুধু সেমিনার করে বক্তব্য দিয়ে বললাম, এটা করলে হবে, ওটা করলে হবে, আর এর মধ্যে বসে থাকলাম—এভাবে চলতে পারে না। আমাদের শিশুদের দীর্ঘ জীবন দিতে কী কী করা প্রয়োজন, সেগুলো নিয়ে আপনারা একটি কমিটি গঠন করুন। নিউমোনিয়া দূর করতে এবং শিশুদের বাঁচাতে কী কী করতে হবে, তা আপনারা আমাকে জানান। আমি সেগুলো বাস্তবায়নের চেষ্টা করবো।
তিনি বলেন, ‘কোন কোন ভ্যাকসিন দিতে হবে, কীভাবে কার্যক্রম শুরু করতে হবে, আরও কী ধরনের চিকিৎসাব্যবস্থা রয়েছে। আপনারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কথা বলেছেন। এটি প্রতিরোধে কী করতে হবে, সে বিষয়েও পরামর্শ দিন। ডাক্তারদের মধ্যে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করুন। বিশেষজ্ঞদের নিয়ে টিম গঠন করুন। কীভাবে সচেতনতা বাড়াতে হবে, শিশুদের ক্ষেত্রে কী করতে হবে, মাতৃত্বকালীন সময় থেকে কী ধরনের পদক্ষেপ নিতে হবে—এসব বিষয়ে আপনারা একটি সুপারিশমালা তৈরি করুন।’
নিউমোনিয়ার ভ্যাকসিন আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের হাতে কিন্তু আর সময় নেই। নিউমোনিয়ায় অনেক শিশু মারা যাচ্ছে। নিউমোনিয়ার ভ্যাকসিন আছে, আমি জানি। সেই ভ্যাকসিন কার্যক্রমে আলাদা কোনও ঘাটতি থাকলে আপনারা জানান। প্রয়োজনে সেটি নতুনভাবে শুরু করবো।’