দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ২০১ জনের মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যু ১ হাজার ৩০৬ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৪ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৩ জনের। মোট ১ হাজার ১৬৭ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২০ হাজার ২৪৭ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ১১ হাজার ৩০৩ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৪৬ হাজার ৬৪৬ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ১১১ জনের।