দেশে হামের উপসর্গে আরও চার জনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার মধ্যে তারা মারা যায়। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৪১ জন।
স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ১৯৪ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ২৯৯ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৮৪ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৫৭ জনের। মোট ১ হাজার ৫৪১ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৮ হাজার ৭৫ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ৯ হাজার ২০৭ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনের। এ সময়ের মধ্যে ২৪ হাজার ৮৮০ জনের হাম শনাক্ত হয়েছে।