ঢামেকে ইন্টার্ন চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু

ঢামেকঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে শিশুর খাবার ও পুষ্টিবিষয়ক এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক মিজানুর রহমান ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশে বলেন, এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে হবে। এ থেকে শিক্ষণীয় বিষয়গুলি সম্পদে পরিণত করে কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করবেন।

এই প্রশিক্ষণের উদ্দেশ্য জন্মের প্রথম ঘণ্টায় শিশুকে মায়ের দুধ খাওয়ানো, ৬ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং ৬ মাসের পর মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিপূরক খাবার খাওয়ানো সফল করার মাধ্যমে দেশের শিশুমৃত্যু হার কমানো।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের (বিবিএফ) বোর্ড অফ ট্রাস্ট্রির চেয়ারপারসন এবং সিনিয়র সাইন্টিস্ট ড. এস কে রায়। এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. খাজা আব্দুল গফুর, বিবিএফের পরিচালক খুরশীদ জাহান, সহকারী পরিচালক সৈয়দা মহসিনা আক্তার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবজাতক বিভাগের প্রধান ডা. মনীষা ব্যানার্জী।

আরও পড়তে পারেন: এক যুগে রাবির চার অধ্যাপক খুন

/জেএ/এমও/