করোনার ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সাত দিনের লকডাউন চলছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার এবং কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয় সরকার। তবে ব্যবসায়ীদের চাপের মুখে চার দিন বন্ধ রাখার পর আজ শুক্রবার (৯ এপ্রিল) থেকে খুলে দেওয়া হয়েছে সব মার্কেট-শপিং মল।
সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত কেনাকাটার সুযোগ দেওয়া হয়েছে সেখানে। মার্কেট খোলার সঙ্গে সঙ্গেই রাজধানীর মার্কেটগুলোতে দেখা গেছে উপচেপড়া ভিড়।
মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলাসহ কোনও স্বাস্থ্যবিধি মেনে চলার যেন দায় নেই কারও।
গাউছিয়ার পাশে পূর্ণিমা সুপারমার্কেটে সব দোকানে ডিসকাউন্টে কাপড় কিনার ভিড়। গাউছিয়া ও নিউজমার্কের যাওয়ার সব গলিতে ঢোকার পথে, দোকানের সামনে মানুষের চাপে ঘিঞ্জি পরিবেশ।
বাইরে রাস্তায়, ফুটওভার ব্রিজে সব জায়গায় মানুষ আর মানুষ। সবার হাতে কেনাকাটার ব্যগ চোখে পড়েনি। ঘুরতেও এসেছেন অনেকে।
যদিও যে সব দোকান স্বাস্থ্যবিধি মানবে না, সে সব দোকান বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী নেতারা। তবে বাস্তব অবস্থা পুরোটাই উল্টো।
যদিও সুপার মলগুলোতে দুপুর নাগাত লোকজনের ভিড় তেমন চোখে পড়েনি। লোক কম থাকায় স্বাস্থ্যবিধি মেনে চলার মতো পরিবেশ আছে এখনও।