বর্তমান চাকরির বাজারে শুধু ভালো ফলাফল বা একটি আকর্ষণীয় জীবনবৃত্তান্তই চাকরি পাওয়ার নিশ্চয়তা দেয় না। নিয়োগদাতারা এখন এমন প্রার্থী খোঁজেন, যিনি কাজের দক্ষতার পাশাপাশি দায়িত্বশীল, শেখার আগ্রহী এবং কর্মক্ষেত্রে পেশাদার আচরণ করতে সক্ষম। অনেক সময় সমান শিক্ষাগত যোগ্যতা থাকা দুই প্রার্থীর মধ্যে যিনি বেশি পেশাদার মনোভাবের পরিচয় দেন, নিয়োগের ক্ষেত্রে তাকেই অগ্রাধিকার দেওয়া হয়।
কিন্তু প্রশ্ন হলো, একজন নিয়োগদাতার কাছে ‘পেশাদার’ প্রার্থী বলতে আসলে কী বোঝায়? শুধু আনুষ্ঠানিক পোশাক বা ইংরেজিতে সাবলীলভাবে কথা বললেই কি একজন পেশাদার হয়ে ওঠেন? বাস্তবে বিষয়টি এর চেয়ে অনেক বিস্তৃত।
সময়ানুবর্তিতাকে গুরুত্ব দিন
পেশাদার আচরণের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো সময়ানুবর্তিতা। সাক্ষাৎকারে নির্ধারিত সময়ের আগেই পৌঁছানো, ই-মেইলের জবাব সময়মতো দেওয়া কিংবা নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার অভ্যাস একজন প্রার্থীর দায়িত্ববোধের পরিচয় দেয়।
যোগাযোগ দক্ষতা হতে হবে স্পষ্ট ও ভদ্র
ভালো যোগাযোগ দক্ষতা মানেই শুধু ইংরেজিতে সাবলীলভাবে কথা বলা নয়। নিজের ভাবনা পরিষ্কারভাবে প্রকাশ করতে পারা, অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজন অনুযায়ী ভদ্র ও পেশাদার ভাষা ব্যবহার করাও সমান গুরুত্বপূর্ণ।
শেখার মানসিকতা দেখান
সব দক্ষতা শুরু থেকেই কারও থাকে না। তাই অনেক প্রতিষ্ঠান এমন প্রার্থীকে অগ্রাধিকার দেয়, যিনি নতুন কিছু শেখার আগ্রহ রাখেন এবং নিজের দক্ষতা উন্নয়নে নিয়মিত কাজ করেন।
সাক্ষাৎকারে নিজের শেখার অভিজ্ঞতা, নতুন দক্ষতা অর্জনের চেষ্টা কিংবা কোনও চ্যালেঞ্জ মোকাবিলার বাস্তব উদাহরণ তুলে ধরতে পারলে তা ইতিবাচক প্রভাব ফেলে।
কাজের প্রতি দায়িত্বশীল মনোভাব
পেশাদার প্রার্থী নিজের দায়িত্ব এড়িয়ে যান না। কোনও ভুল হলে তা স্বীকার করার মানসিকতা রাখেন এবং সমস্যা সমাধানে উদ্যোগী হন।
কর্মক্ষেত্রে শুধু নির্দেশনা অনুসরণ করাই নয়, প্রয়োজনে নতুন ধারণা দেওয়া, দলকে সহযোগিতা করা এবং দায়িত্ব নিয়ে কাজ করার মানসিকতাও নিয়োগদাতারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।
দলগতভাবে কাজ করার সক্ষমতা
বর্তমান কর্মপরিবেশে বেশির ভাগ কাজই দলগতভাবে সম্পন্ন হয়। তাই সহকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার দক্ষতা একজন পেশাদার কর্মীর অন্যতম বৈশিষ্ট্য।
সাক্ষাৎকারে দলগত কাজের অভিজ্ঞতা, কোনও যৌথ প্রকল্পে নিজের ভূমিকা কিংবা মতবিরোধ কীভাবে সমাধান করেছেন, এমন উদাহরণ তুলে ধরতে পারলে তা ইতিবাচক বার্তা দেয়।
প্রতিষ্ঠান সম্পর্কে আগে থেকেই জানুন
সাক্ষাৎকারে যাওয়ার আগে প্রতিষ্ঠান সম্পর্কে কোনো ধারণা না থাকা অনেক সময় নেতিবাচক প্রভাব ফেলে। প্রতিষ্ঠানের কাজ, সেবা, লক্ষ্য কিংবা সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে প্রাথমিক ধারণা থাকলে বোঝা যায় যে প্রার্থী সত্যিই ওই প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী।
এটি শুধু প্রস্তুতির অংশ নয়, বরং পেশাদার মনোভাবেরও পরিচয়।
ডিজিটাল উপস্থিতিও গুরুত্বপূর্ণ
বর্তমানে অনেক নিয়োগদাতা প্রার্থীর পেশাদার ডিজিটাল উপস্থিতির বিষয়টিও বিবেচনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অশোভন বা আপত্তিকর পোস্ট, অপেশাদার মন্তব্য কিংবা বিভ্রান্তিকর তথ্য একজন প্রার্থীর সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে।
অন্যদিকে, পেশাদার তথ্যসমৃদ্ধ প্রোফাইল, নিজের কাজের নমুনা বা ইতিবাচক কার্যক্রম একজন প্রার্থীর বিশ্বাসযোগ্যতা বাড়াতে সাহায্য করতে পারে।
আত্মবিশ্বাস ও নম্রতার ভারসাম্য রাখুন
আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় অহংকার হিসেবে ধরা পড়ে। আবার অতিরিক্ত সংকোচও নিজের সক্ষমতা তুলে ধরতে বাধা সৃষ্টি করে।
একজন পেশাদার প্রার্থী নিজের দক্ষতা সম্পর্কে আত্মবিশ্বাসী থাকেন, তবে অন্যের মতামতকে সম্মান করেন এবং প্রয়োজনে নতুন কিছু শেখার আগ্রহ প্রকাশ করেন।
ছোট বিষয়েও পেশাদারিত্ব প্রকাশ পায়
সাক্ষাৎকারে ভদ্র সম্ভাষণ, পরিচ্ছন্ন পোশাক, মোবাইল ফোন নীরব রাখা, চোখে চোখ রেখে কথা বলা, অপ্রয়োজনীয়ভাবে কথা না বলা কিংবা সাক্ষাৎকার শেষে ধন্যবাদ জানানো, এসব ছোট ছোট আচরণও একজন প্রার্থীর পেশাদারিত্ব প্রকাশ করে।
অনেক সময় এসব বিষয়ই একজন প্রার্থীকে অন্যদের থেকে আলাদা করে তোলে।
যা মাথায় রাখবেন
একজন পেশাদার প্রার্থী হওয়া মানে শুধু ভালো ফলাফল করা বা অভিজ্ঞতা অর্জন নয়। সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা, স্পষ্ট যোগাযোগ, শেখার আগ্রহ, দলগতভাবে কাজ করার মানসিকতা এবং ভদ্র আচরণ, এই গুণগুলোই একজন প্রার্থীকে নিয়োগদাতার কাছে আরও গ্রহণযোগ্য করে তোলে।
চাকরির বাজারে প্রতিযোগিতা প্রতিনিয়ত বাড়ছে। তাই শুধু সনদ নয়, নিজের আচরণ, কাজের ধরন এবং পেশাদার মানসিকতা গড়ে তোলার দিকেও সমান গুরুত্ব দেওয়া উচিত। কারণ একজন নিয়োগদাতা অনেক সময় জীবনবৃত্তান্তের বাইরে গিয়েও এমন একজন মানুষকে খোঁজেন, যিনি প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদে মূল্য যোগ করতে পারবেন।