অফিসার ক্যাডেট পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ২০২৭বি ব্যাচে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এতে ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ৬ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা
নিয়োগে পদের নাম অফিসার ক্যাডেট। এ পদে কতজন নিয়োগ দেওয়া হবে, বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি।
প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার যেকোনও একটিতে জিপিএ-৫ এবং অপরটিতে ন্যূনতম জিপিএ-৪.৫০ থাকতে হবে। উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—দুই পরীক্ষাতেই গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই থাকতে হবে।
ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে ‘এ’ গ্রেড এবং তিনটিতে ‘বি’ গ্রেড থাকতে হবে। ‘এ’ লেভেলে ন্যূনতম একটি বিষয়ে ‘এ’ গ্রেড ও দুটি বিষয়ে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। এ ক্ষেত্রেও ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল—উভয় পর্যায়ে গণিত ও পদার্থবিজ্ঞান থাকতে হবে।
এ ছাড়া এসএসসি ও এইচএসসির সব বিষয়ে এ+ পাওয়া প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেওয়া ছাড়াই আইএসএসবিতে যাওয়ার সুযোগ পাবেন।
বয়স ও শারীরিক যোগ্যতা
২০২৭ সালের ১ জুলাই তারিখে প্রার্থীর বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর।
শারীরিক যোগ্যতার ক্ষেত্রেও নির্দিষ্ট মানদণ্ড রয়েছে। পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা হতে হবে ১৬২ দশমিক ৫ সেন্টিমিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি এবং ওজন ৫০ কেজি। নারী প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ১৫৫ সেন্টিমিটার বা ৫ ফুট ১ ইঞ্চি এবং ওজন ৪৬ কেজি হতে হবে।
প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
যেসব প্রার্থী আবেদন করতে পারবেন না
সেনা, নৌ ও বিমানবাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত কিংবা অপসারিত প্রার্থীরা আবেদন করতে পারবেন না। আইএসএসবি কর্তৃক দুইবার স্ক্রিন্ড আউট বা প্রত্যাখ্যাত প্রার্থীরাও অযোগ্য বিবেচিত হবেন। তবে একবার স্ক্রিন্ড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
এ ছাড়া সেনা, নৌ ও বিমানবাহিনীর আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে কিংবা কোনও বিচারালয় থেকে দণ্ডপ্রাপ্ত হলে ওই প্রার্থী আবেদন করতে পারবেন না।
বেতন ও অন্যান্য সুবিধা
নিয়োগপ্রাপ্ত অফিসার ক্যাডেটরা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতা পাবেন।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এজন্য নির্ধারিত ওয়েবসাইটে https://www.joinnavy.navy.mil.bd/ প্রবেশ করে হোম পেজের বাঁ পাশে থাকা ‘APPLY NOW’ অপশনে ক্লিক করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত আবেদনপ্রক্রিয়া অনুসরণ করতে হবে।
আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।
আবেদনের সময়সীমা
বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট পদে আবেদন শুরু হয়েছে ১৫ আগস্ট ২০২৬ থেকে। প্রার্থীরা আগামী ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। তাই যোগ্য প্রার্থীদের শেষ সময়ের অপেক্ষা না করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও বিস্তারিত জানতে নিচে দেখুন...