সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য বড় সুযোগ নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটিতে ১৮টি ক্যাটাগরির পদে মোট ১৪২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। স্থায়ী রাজস্ব খাতভুক্ত এসব শূন্য পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজ্ঞপ্তিটি ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন শুরু হবে ৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ৬ অক্টোবর ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত।
যেসব পদে নিয়োগ
১৮টি ক্যাটাগরিতে ১৪২টি পদের মধ্যে রয়েছে—উপ সহকারী কেমিস্ট ১ জন, সিনিয়র টেকনিশিয়ান ৯ জন, গেইট ইন্সপেক্টর ১ জন, সুপারভাইজার ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৮ জন, মেটল্যাব এ্যাসিস্ট্যান্ট ৪ জন, গোডাউন কিপার ৪ জন, ড্রাইভার ৭ জন, স্কীল্ড টেকনিশিয়ান ৩ জন, টেকনিশিয়ান ১১ জন, নিরাপত্তা কর্মী ১ জন, জুনিয়র টেকনিশিয়ান ২২ জন, ফায়ারম্যান ১ জন, টেকনিক্যাল হেলপার ৫৩ জন, আর্দালী ৭ জন, নিরাপত্তা প্রহরী ৪ জন, লেবার ৩ জন এবং পরিচ্ছন্নতা কর্মী ২ জন।
পদভেদে বেতন স্কেল ৮,২৫০ থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত। এসব পদ ১১তম থেকে ২০তম গ্রেডের আওতাভুক্ত।
শিক্ষাগত যোগ্যতা
উপসহকারী কেমিস্ট পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়নসহ দ্বিতীয় বিভাগ বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সিনিয়র টেকনিশিয়ান পদে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠানে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন।
গেট ইন্সপেক্টর পদে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। অবসরপ্রাপ্ত জেসিওদের ক্ষেত্রে এসএসসি বা সমমান পাসের যোগ্যতা গ্রহণযোগ্য। সুপারভাইজার পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে উচ্চমাধ্যমিক বা সমমান পাসের পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
মেটল্যাব এ্যাসিস্ট্যান্ট পদে রসায়ন ও পদার্থবিদ্যাসহ দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে। গোডাউন কিপার পদে এইচএসসি বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে।
ড্রাইভার পদে এসএসসি বা সমমান পাস এবং ভারী যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে। এ পদে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
স্কীল্ড টেকনিশিয়ান পদে এসএসসি বা সমমান পাসের পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে কারিগরি প্রতিষ্ঠানে আট বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন। টেকনিশিয়ান পদে এসএসসি বা সমমান পাসের সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠানে কমপক্ষে ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
নিরাপত্তা কর্মী পদে এসএসসি বা সমমান পাস হতে হবে। জুনিয়র টেকনিশিয়ান পদে এসএসসি বা সমমান পাসের সঙ্গে স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে কারিগরি বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে।
ফায়ারম্যান পদে এসএসসি বা সমমান পাস, ১ দশমিক ৬৭৬ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) উচ্চতা থাকতে হবে। অগ্নিনির্বাপণ অথবা বেসামরিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
টেকনিক্যাল হেলপার পদে এসএসসি বা সমমান পাস হতে হবে। স্বীকৃত ইনস্টিটিউট থেকে কারিগরি বিষয়ক সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আর্দালী ও নিরাপত্তা প্রহরী পদেও এসএসসি বা সমমান পাস হতে হবে। নিরাপত্তা প্রহরী পদে উচ্চতা ১ দশমিক ৬৭৬ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) হতে হবে এবং অবসরপ্রাপ্ত সামরিক বা আধা সামরিক বাহিনীর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
লেবার ও পরিচ্ছন্নতা কর্মী পদে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে।
বয়সসীমা
প্রার্থীর বয়স ৬ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
জেলার শর্ত
বাংলাদেশ সমরাস্ত্র কারখানার এই নিয়োগে বাংলাদেশের সব জেলার যোগ্য নাগরিকরা আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট জেলার প্রার্থীদের জন্য আলাদা সীমাবদ্ধতা উল্লেখ করা হয়নি।
বেতন ও সুযোগ-সুবিধা
পদভেদে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৮,২৫০ থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এর সঙ্গে সরকারি বিধি অনুযায়ী চিকিৎসা ভাতা, বাড়িভাড়া ভাতা, যাতায়াত ভাতা ও বার্ষিক উৎসব বোনাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রযোজ্য হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ সমরাস্ত্র কারখানার অনলাইন আবেদন পোর্টাল bof.teletalk.com.bd-এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখ, স্থায়ী ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতাসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিতে হবে।
আবেদনের সময় সদ্য তোলা রঙিন ছবি ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষর ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কিলোবাইট আকারে আপলোড করতে হবে। ফরম জমা দেওয়ার পর ছবি সংবলিত Applicant’s Copy ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
আবেদন ফি
১ নম্বর পদের জন্য মূল আবেদন ফি ১৫০ টাকা ও সার্ভিস চার্জ ১৮ টাকা—মোট ১৬৮ টাকা।
২ থেকে ৮ নম্বর পদের জন্য মূল ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকা—মোট ১১২ টাকা।
৯ থেকে ১৮ নম্বর পদের জন্য মূল ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকা—মোট ৫৬ টাকা।
অনগ্রসর নাগরিক প্রার্থীদের জন্য সব পদের ক্ষেত্রেই মোট ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এসএমএসে ফি পরিশোধ
অনলাইনে আবেদন ফরম পূরণ ও সাবমিট করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।
প্রথমে লিখতে হবে: BOF <space> User ID এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
এরপর PIN পাওয়ার পর লিখতে হবে: BOF <space> YES <space> PIN এবং একই নম্বরে পাঠাতে হবে।
আবেদন ফি পরিশোধ না করা পর্যন্ত আবেদন সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে না। ফি জমাদানের ক্ষেত্রে Applicant’s Copy-তে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।
এক নজরে
আবেদন শুরু: ৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ৬ অক্টোবর ২০২৬, বিকাল ৫টা
মোট পদ: ১৪২টি
পদের ক্যাটাগরি: ১৮টি
চাকরির ধরন: সরকারি চাকরি
কর্মস্থল: গাজীপুর সেনানিবাস, গাজীপুর
বয়স: ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি থেকে স্নাতক
আবেদন পদ্ধতি: অনলাইন
বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সামরিক অস্ত্র ও সরঞ্জাম উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান। গাজীপুর সেনানিবাসে অবস্থিত প্রতিষ্ঠানটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সামরিক সামগ্রী উৎপাদন ও আধুনিকায়নে কাজ করে আসছে।
আবেদন করতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদন সম্পন্ন করে আবেদন ফি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শেষ মুহূর্তে সার্ভার জটিলতা এড়াতে আগেই আবেদন সম্পন্ন করা ভালো।
বিজ্ঞপ্তিটি দেখুন...