বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদে (সিভিল জজ) নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।
এতে বিধি অনুযায়ী কোটা সংরক্ষণপূর্বক মেধাক্রম অনুসারে ২০০ জন প্রার্থীকে সাময়িকভাবে উত্তীর্ণ ও মনোনীত করা হয়েছে।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে গতকাল বুধবার এ ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ও মনোনীত ২০০ প্রার্থীর রোল নম্বর মেধাক্রম অনুসারে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোনও প্রার্থী অসত্য তথ্য প্রদান, তথ্য গোপন, যোগ্যতার কোনও ঘাটতি অথবা আবেদনপত্রে কোনও ধরনের অসঙ্গতি বা গরমিল করলে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিতির স্থান, তারিখ ও সময় নির্ধারণ করে পরবর্তী সময়ে দৈনিক পত্রিকা, কমিশনের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
স্বাস্থ্য পরীক্ষায় কোনও প্রার্থী অযোগ্য ঘোষিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল হবে।
এ ছাড়া প্রাক-পরিচয় যাচাই বা পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনে কোনও প্রার্থীর বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলেও তার সাময়িক মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
এই সাময়িক মনোনয়ন কোনও প্রার্থীর নিয়োগপ্রাপ্তির অধিকার সৃষ্টি করে না। অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশনসহ নির্ধারিত অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই নিয়োগের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে কমিশন থেকে জানানো হয়েছে।
প্রকাশিত ফলাফলে কোনও ধরনের ত্রুটি পরিলক্ষিত হলে অথবা যুক্তিসঙ্গত কারণে প্রয়োজনবোধে ফলাফল পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন বা পুনর্নির্ধারণের ক্ষমতাও কমিশন সংরক্ষণ করেছে।