হাতে লাল কাপড় নিয়ে জেদি ষাঁড়কে কাবু করা ম্যাটাডোরের দেশ স্পেন। পর্যটকদের প্রিয় দেশগুলোর মধ্যে এটি একটি। সেই দেশে ঘুরে বেড়ানোর সময় কয়েকটি সেতু অন্যরকম মনে হবে। সেতু নিয়ে ‘বাংলা ট্রিবিউন জার্নি’র নিয়মিত আয়োজনে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, চীন ও যুক্তরাজ্যের পর আজ রইলো স্পেনের অদ্ভুত কয়েকটি সেতুর কথা।
স্পেনের উত্তর-পশ্চিমে কাঙ্গাস দিওনিসে পাথরের তৈরি ‘রোমান ব্রিজ’ সেতুটি অদ্ভুত। নামেই বোঝা যায়, এটি রোমান সাম্রাজ্যের প্রতীক। অ্যাসতোরিয়াস শহরের সেলা নদীর ওপরে গড়ে উঠেছে এই সেতু। এর ঠিক মাঝখানে ভিক্টোরিয়ান আমলের একটি ক্রুশ ঝুলে থাকতে চোখে পড়বে। এই ক্রুশ মূলত রোমান সাম্রাজ্যের ঐতিহাসিক সময়ের প্রতীক।
স্প্যানিশ ভাষা ‘পুয়েন্তে নুয়েভো’র ইংরেজি হলো ‘নিউ ব্রিজ’। স্পেনের দক্ষিণে গোয়াদালেভিন নদী ও রোন্ডা শহরের মধ্যে সেতুবন্ধন করেছে এটি। এখানে দাঁড়ালেই মন চলে যাবে সুদূর অতীতে! সেই ১৭৩৫ সালে এটি নির্মাণ হয়। কিন্তু বিধিবাম! ১৭৪১ সালে এটি ভেঙে পড়ে। এ ঘটনায় প্রাণ হারায় অর্ধশত মানুষ। ১৭৫৯ সালে সেখানে আবার সেতুর নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু শেষ হতে লেগেছে ৩৪ বছর! রোন্ডা শহরের সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করতে চাইলে যেতে হবে এই সেতুতে।
স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল বাস্কে কান্ট্রির বেরমেও পৌরসভার অধীন বিসকাই উপকূলে ছোট্ট একটি দ্বীপ রয়েছে। এর নাম গ্যাজতেলুগাৎসে। মানচিত্রে খুঁজলে এর হদিস মেলা ভার। শহরের শেষ প্রান্ত থেকে এই দ্বীপকে যুক্ত করেছে ‘সান হুয়ান দে গ্যাজতেলুগাৎসে ব্রিজ’। পুরো সেতু জুড়ে রয়েছে সিঁড়ি। আর চারপাশে প্রাচীন আমলের এবড়োথেবড়ো পাথরের প্রাচীর। বিখ্যাত টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর কয়েকটি পর্বের শুটিং হয়েছে সেখানে।
স্পেনের পূর্ব উপকূলীয় অঞ্চল ভ্যালেন্সিয়ার সৌন্দর্যের জুড়ি মেলা ভার। এই শহরের দাঁড়িয়ে আছে ঝুলন্ত ব্রিজ আকৃতির একটি সাদা রঙের সেতু। এর ওপর দিয়ে সিটি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস কমপ্লেক্সের তুরিয়া গার্ডেনস পার হওয়া যায়। এটিকে বলা হয় ‘ড্যাম অব দ্য গোল্ড’ তথা সোনার বাঁধ। তবে স্প্যানিশ স্থপতি ও নির্মাণ প্রকৌশলী সান্তিয়াগো কালাত্রাভা এটিকে ডাকেন সেরেরিয়া ব্রিজ। ২০০৮ সালের ১২ ডিসেম্বর এর উদ্বোধন হয়। ব্রিজের তিনটি লেনে গাড়ি, একটি অতিরিক্ত লেনে ট্রাম ও আরেকটিতে পথচারী ও সাইক্লিস্টরা চলাফেরা করেন।