বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর এখন কোনটি

বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্রের হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর। এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই ওয়ার্ল্ড)-এর ২০২৫ সালের যাত্রী চলাচলের সর্বশেষ র‌্যাংকিংয়ে বিমানবন্দরটি টানা শীর্ষ অবস্থানে রয়েছে।

২০২৫ সালে আটলান্টা বিমানবন্দর দিয়ে মোট ১০ কোটি ৬৩ লাখের বেশি যাত্রী যাতায়াত করেছেন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে যাত্রী চলাচল ছিল প্রায় ৯ কোটি ৫২ লাখ। তৃতীয় অবস্থানে জাপানের টোকিও হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর, প্রায় ৯ কোটি ১৭ লাখ যাত্রী নিয়ে।

তবে আন্তর্জাতিক যাত্রী চলাচলের হিসাবে চিত্র কিছুটা ভিন্ন। এই তালিকায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরই বিশ্বের সবচেয়ে ব্যস্ত। ২০২৫ সালে প্রায় ৯ কোটি ৫২ লাখ আন্তর্জাতিক যাত্রী নিয়ে এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর হিসেবে নিজের জায়গা করে নেয়।

অর্থাৎ, মোট যাত্রী চলাচলে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর আটলান্টা, আর আন্তর্জাতিক যাত্রীর হিসাবে শীর্ষে দুবাই।

এদিকে ২০২৬ সালের প্রথমার্ধে আন্তর্জাতিক যাত্রী চলাচলের চিত্রে বড় পরিবর্তন দেখা গেছে, দক্ষিণ কোরিয়ার ইনচন আন্তর্জাতিক বিমানবন্দর এই সময়ে দুবাইকে ছাড়িয়ে আন্তর্জাতিক যাত্রী পরিবহনে শীর্ষে উঠে এসেছে।