পানির নিচে আলোর নাচ: ফ্লোরিডায় ৫০ কোটি বছরের পুরোনো প্রাণীর অনন্য জাদুঘর

জেলিফিশ দেখার জন্য কি কখনও জাদুঘরে যাওয়ার কথা ভেবেছেন? ফ্লোরিডার পম্পানো বিচে গেলে সেই অভিজ্ঞতাই হতে পারে আপনার। সেখানে রয়েছে এমন একটি জাদুঘর, যা পুরোপুরি জেলিফিশকে ঘিরে তৈরি। নীল ও বেগুনি নিয়ন আলোর মায়াবী আবহে পানিতে ভেসে বেড়ানো জেলিফিশের দৃশ্য দর্শনার্থীদের জন্য তৈরি করে এক অন্যরকম অভিজ্ঞতা।

ধারণা করা হয়, এটি যুক্তরাষ্ট্রের প্রথম জাদুঘর, যেখানে সম্পূর্ণভাবে জেলিফিশকে তুলে ধরা হয়েছে।

ফ্লোরিডার পম্পানো বিচে জেলিফিশ জাদুঘর (ছবি: সংগৃহীত)

প্রায় ১০ হাজার বর্গফুট (৯০০ বর্গমিটার) জায়গাজুড়ে গড়ে ওঠা এই জাদুঘরে রয়েছে প্রায় ২০ প্রজাতির জেলিফিশ। তাদের দেখার জন্য তৈরি করা হয়েছে ২১টি আলাদা প্রদর্শনী ট্যাংক।

অন্ধকারাচ্ছন্ন পরিবেশে রঙিন আলোয় যখন জেলিফিশগুলো ধীরে ধীরে পানির মধ্যে ভেসে বেড়ায়, তখন মনে হয় যেন কোনও কল্পবিজ্ঞানের সিনেমার দৃশ্য চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। তাদের স্বচ্ছ শরীরের ভেতর দিয়ে আলো ছড়িয়ে পড়ে, আবার মুহূর্তেই রঙ বদলে যায়। ফলে জেলিফিশ দেখার অভিজ্ঞতাটি এখানে হয়ে ওঠে এক ধরনের আলোক-শিল্পের প্রদর্শনীও।

অন্ধকারাচ্ছন্ন পরিবেশে রঙিন আলো ছড়ানো জেলিফিশ (ছবি: সংগৃহীত)

ডাইনোসরেরও আগে ছিল জেলিফিশ

জাদুঘরটির আকর্ষণের পেছনে রয়েছে জেলিফিশের অবিশ্বাস্য দীর্ঘ ইতিহাস। এই প্রাচীন সামুদ্রিক প্রাণীরা পৃথিবীর সমুদ্রে ৫০ কোটিরও বেশি বছর ধরে বিচরণ করছে। অর্থাৎ ডাইনোসর পৃথিবীতে আসার বহু আগেই সমুদ্রে জেলিফিশের অস্তিত্ব ছিল। এমনকি গাছের আবির্ভাবেরও আগে তারা সমুদ্রের বাসিন্দা হয়ে উঠেছিল।

আজকের জেলিফিশ দেখতে যতটা কোমল ও রহস্যময়, তাদের দীর্ঘ বিবর্তনের ইতিহাস ততটাই বিস্ময়কর। এই জাদুঘরে দর্শনার্থীরা তাই শুধু নানা রঙ ও আকারের জেলিফিশ দেখার সুযোগই পান না, বরং পৃথিবীর অন্যতম প্রাচীন সামুদ্রিক প্রাণীদের সম্পর্কেও জানার সুযোগ পান।

এ যেন এক ধরনের আলোক-শিল্পের প্রদর্শনীও (ছবি: সংগৃহীত)

ইউক্রেনীয় অ্যাকোয়ারিয়াম নির্মাতাদের উদ্যোগ

এই অভিনব জাদুঘরের পেছনে রয়েছেন ইউক্রেনের অ্যাকোয়ারিয়াম নির্মাতারা। তাদের উদ্যোগেই পম্পানো বিচে তৈরি হয়েছে জেলিফিশকে ঘিরে এই বিশেষ আকর্ষণ।

প্রচলিত অ্যাকোয়ারিয়ামে যেখানে নানা ধরনের সামুদ্রিক প্রাণীর পাশাপাশি জেলিফিশ দেখা যায়, সেখানে এই জাদুঘরের পুরো মনোযোগই জেলিফিশের দিকে। ফলে যারা সমুদ্রের এই রহস্যময় প্রাণীদের কাছ থেকে দেখতে চান, তাঁদের জন্য এটি হতে পারে ফ্লোরিডা ভ্রমণের এক ব্যতিক্রমী গন্তব্য।

এই অভিনব জাদুঘরের পেছনে রয়েছেন ইউক্রেনের অ্যাকোয়ারিয়াম নির্মাতারা (ছবি: সংগৃহীত)

বিশেষ করে পরিবার নিয়ে ভ্রমণ, শিশুদের নিয়ে ঘোরাঘুরি কিংবা সমুদ্রজীবন সম্পর্কে আগ্রহীদের জন্য জায়গাটি আলাদা আকর্ষণ তৈরি করতে পারে।

ফ্লোরিডায় সমুদ্রসৈকত, থিম পার্ক আর রোদঝলমলে অবকাশের পাশাপাশি যদি একটু ভিন্ন ধরনের অভিজ্ঞতা খুঁজে থাকেন, তাহলে পম্পানো বিচের এই ‘জেলিফিশ জাদুঘর’ আপনার ভ্রমণতালিকায় যোগ করার মতোই একটি অভিনব স্থান।