৭ কোটি ৫০ লাখ বছরের প্রাকৃতিক বিস্ময় থাইল্যান্ডের পাথরের তিমি

থাইল্যান্ডের বুয়েং কান প্রদেশে প্রকৃতির এক অনন্য সৃষ্টি মুগ্ধ করছে পর্যটকদের। ফু সিং ফরেস্ট পার্কে দাঁড়িয়ে থাকা বিশাল তিনটি পাথরের গঠনকে দূর থেকে দেখলে মনে হয়, সবুজ বনভূমির ওপর যেন ভেসে আছে একটি তিমি পরিবার। স্থানীয়ভাবে ‘হিন স্যাম ওয়ান’ নামে পরিচিত এই শিলাগুলো পর্যটকদের কাছে ‘থ্রি হোয়েল রক’ নামে জনপ্রিয়।

ধারণা করা হয়, প্রায় ৭ কোটি ৫০ লাখ বছর আগে গঠিত এই প্রাচীন বালুকাপাথর দীর্ঘ সময় ধরে বাতাস, বৃষ্টি ও প্রাকৃতিক ক্ষয়ের প্রভাবে বর্তমান আকৃতি পেয়েছে। পাশাপাশি থাকা তিনটি শিলার আকৃতি অনেকটা মা, বাবা ও শিশু তিমির মতো হওয়ায় জায়গাটির এমন নামকরণ।

থ্রি হোয়েল রকের দুটি বড় অংশে পর্যটকরা হাঁটার সুযোগ পান। শিলার ওপর দাঁড়িয়ে চারপাশের বিস্তীর্ণ সবুজ বন, পাহাড় ও নদীর মনোরম দৃশ্য উপভোগ করা যায়। তবে ছোট ‘শিশু তিমি’ অংশটি সংরক্ষিত হওয়ায় সেখানে পর্যটকদের প্রবেশের অনুমতি নেই।

প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই শিলাগুলো বহন করছে পৃথিবীর সুদূর অতীতের ভূতাত্ত্বিক ইতিহাস। কোটি কোটি বছরের প্রাকৃতিক পরিবর্তন ও ক্ষয়ের সাক্ষী এই পাথরের গঠন তাই শুধু অ্যাডভেঞ্চারপ্রেমী বা প্রকৃতিপ্রেমীদের নয়, ভূতত্ত্বে আগ্রহী ভ্রমণকারীদের কাছেও বিশেষ আকর্ষণের।

সবুজ বন, পাহাড়, নদী আর কোটি বছরের পুরোনো পাথরের অনন্য সমন্বয়ে বুয়েং কানের ‘থ্রি হোয়েল রক’ হয়ে উঠেছে থাইল্যান্ডের অন্যতম ব্যতিক্রমী প্রাকৃতিক ভ্রমণগন্তব্য। প্রকৃতির দীর্ঘ সময়ের তৈরি এই ‘পাথরের তিমি’ যেন একসঙ্গে সৌন্দর্য ও ভূতাত্ত্বিক ইতিহাসের গল্প শোনায়।