স্পাইসজেটের ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসাররা কত বেতন পান

বিমান চালানো শুধু দক্ষতা ও প্রশিক্ষণের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে বিপুল দায়িত্ব। এ কারণে এভিয়েশন খাতে পাইলটদের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশাজীবী হিসাবে ধরা হয়। তবে সব পাইলটের বেতন এক নয়। অভিজ্ঞতা, উড়ানের ধরন, বিমানটির মডেল এবং কোন বিমান সংস্থায় কাজ করছেন এসব বিষয়ের ওপর নির্ভর করে তাদের আয়ে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়।

ভারতের বেসামরিক বিমান চলাচল খাতের পরিচিত বিমান সংস্থাগুলোর একটি স্পাইসজেট। ২০২৬ সালে এই বিমান সংস্থার পাইলটদের বেতন নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে। এসব তথ্য অনুযায়ী, ফার্স্ট অফিসার থেকে ক্যাপ্টেন পদ ও অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে বেতনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বাড়ে।

ফার্স্ট অফিসারদের মাসিক বেতন

এফএমএস এভিয়েশন অ্যাকাডেমির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, স্পাইসজেটের ফার্স্ট অফিসার বা সহকারী পাইলটরা মাসে প্রায় ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ ভারতীয় রুপি পর্যন্ত বেতন পেতে পারেন।

তবে এটি নির্দিষ্ট কোনো বেতন নয়। পাইলটের উড়ানের অভিজ্ঞতা এবং তিনি কোন ধরনের বিমান পরিচালনার দায়িত্বে রয়েছেন, তার ওপর বেতনের পরিমাণ পরিবর্তিত হতে পারে।

ফার্স্ট অফিসাররা সাধারণত ক্যাপ্টেনের সঙ্গে ককপিটে থেকে বিমান পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অভিজ্ঞতা ও প্রয়োজনীয় যোগ্যতা অর্জনের পর তাদের ক্যাপ্টেন হওয়ার সুযোগ তৈরি হয়।

ক্যাপ্টেনদের বেতন কত?

ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে ক্যাপ্টেনের দায়িত্ব ও অভিজ্ঞতা বেশি হওয়ায় তাদের বেতনও ফার্স্ট অফিসারদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। প্রকাশিত তথ্য অনুযায়ী, স্পাইসজেটের ক্যাপ্টেনরা মাসে প্রায় ৪ লাখ ৫০ হাজার থেকে ৬ লাখ ৫০ হাজার ভারতীয় রুপি পর্যন্ত বেতন পেতে পারেন।

কোনও ক্যাপ্টেনের প্রকৃত বেতন নির্ধারণের ক্ষেত্রে মোট উড়ানের অভিজ্ঞতা এবং তিনি কোন ধরনের বিমান পরিচালনা করছেন, তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর পাশাপাশি বিমান সংস্থার নিজস্ব বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধার কারণেও মোট আয়ে পার্থক্য হতে পারে।

অন্যান্য ভারতীয় বিমান সংস্থায় পাইলটদের বেতন

ভারতের অন্যান্য বিমান সংস্থায়ও পাইলটদের বেতন নিয়ে বিভিন্ন পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ইন্ডিগোর ফার্স্ট অফিসাররা মাসে প্রায় ২ লাখ থেকে ৩ লাখ রুপি এবং ক্যাপ্টেনরা ৬ লাখ থেকে ৯ লাখ রুপি পর্যন্ত আয় করতে পারেন।

এয়ার ইন্ডিয়ায় ফার্স্ট অফিসারদের মাসিক বেতন প্রায় ২ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ ৫০ হাজার রুপি হতে পারে। ক্যাপ্টেনদের ক্ষেত্রে এই পরিমাণ ৭ লাখ থেকে ১০ লাখ রুপি পর্যন্ত হতে পারে।

ভিস্তারা বিমান সংস্থায় ফার্স্ট অফিসারদের বেতন প্রায় ২ লাখ থেকে ৩ লাখ রুপি এবং ক্যাপ্টেনদের বেতন ৫ লাখ ৫০ হাজার থেকে ৮ লাখ রুপি পর্যন্ত হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, আকাসা এয়ারে ফার্স্ট অফিসাররা মাসে প্রায় ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার রুপি পেতে পারেন। ক্যাপ্টেনদের ক্ষেত্রে বেতন ৫ লাখ থেকে ৭ লাখ ৫০ হাজার রুপি পর্যন্ত হতে পারে বলে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে।

অভিজ্ঞতার সঙ্গে বাড়ে আয়

পাইলটদের বেতন তুলনা করলে দেখা যায়, পদোন্নতি ও উড়ানের অভিজ্ঞতা বাড়ার সঙ্গে আয়ের পরিমাণও সাধারণত বাড়ে। তবে শুধু পদ বা অভিজ্ঞতাই নয়, কোন ধরনের বিমান চালানো হচ্ছে এবং মাসে কত ঘণ্টা উড়ানের দায়িত্ব রয়েছে এসব বিষয়ও মোট আয়ের ওপর প্রভাব ফেলতে পারে।

একজন পাইলটের প্রকৃত আয় তার অভিজ্ঞতা, দায়িত্ব, বিমান পরিচালনার ধরন এবং সংশ্লিষ্ট বিমান সংস্থার বেতন কাঠামোর ওপর নির্ভর করে।