স্কাইট্র্যাক্সের ‘বেস্ট রিজিওনাল এয়ারলাইন্স’ তালিকায় ইউএস-বাংলা

আন্তর্জাতিক এভিয়েশন রেটিং প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্সের ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস-এ টানা তৃতীয়বারের মতো ‘বেস্ট রিজিওনাল এয়ারলাইন্স (ইন্ডিয়া বা দক্ষিণ এশিয়া)’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০২৪ ও ২০২৫ সালে এই তালিকায় পঞ্চম অবস্থানে ছিল ইউএস-বাংলা। সর্বশেষ ২০২৬ সালের তালিকায় এক ধাপ এগিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছে প্রতিষ্ঠানটি।

স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস যাত্রীদের ভোটের ভিত্তিতে পরিচালিত আন্তর্জাতিক এয়ারলাইন যাত্রী-সন্তুষ্টি জরিপ। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ১৯৯৯ সাল থেকে এ পুরস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীদের অংশগ্রহণে এয়ারলাইনগুলোর বিভিন্ন শ্রেণিতে ফলাফল নির্ধারণ করা হয়।

স্কাইট্র্যাক্সের তথ্য অনুযায়ী, ‘বেস্ট রিজিওনাল এয়ারলাইন্স’ বলতে মূলত এমন ফুল সার্ভিস ক্যারিয়ারকে বোঝানো হয়, যারা প্রধানত প্রায় ছয় ঘণ্টা পর্যন্ত স্বল্প ও মাঝারি দূরত্বের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে।