বিমান বলতেই সাধারণত চোখের সামনে ভেসে ওঠে বিশাল ডানার উড়োজাহাজ, যার ভেতরে থাকে সারি সারি আসন। কিন্তু পৃথিবীতে এমন একটি বিমানও রয়েছে, যেটি আকারে অনেক গাড়ির চেয়েও ছোট। দেখতে খেলনা বিমানের মতো হলেও এটি সত্যিই আকাশে উড়েছে এবং গড়েছে গিনেস বিশ্ব রেকর্ড।
স্টার বাম্বল বি-২, যেন আকাশের খেলনা
বিশ্বের সবচেয়ে ছোট উড়ে চলা বিমান হিসেবে গিনেস বিশ্ব রেকর্ডে জায়গা করে নিয়েছে স্টার বাম্বল বি-২। মার্কিন পাইলট ও বিমান নকশাবিদ রবার্ট এইচ. স্টার তৈরি করেছিলেন এই ক্ষুদ্রাকৃতির দুই ডানার বিমানটি।
বিমানটির ডানার বিস্তার মাত্র ৫ ফুট ৬ ইঞ্চি বা প্রায় ১ দশমিক ৬৮ মিটার। দৈর্ঘ্য ৮ ফুট ১০ ইঞ্চি বা প্রায় ২ দশমিক ৬৯ মিটার এবং উচ্চতা ৩ ফুট ১১ ইঞ্চি বা প্রায় ১ দশমিক ২ মিটার। অর্থাৎ, এর দৈর্ঘ্য অনেক সাধারণ গাড়ির চেয়েও কম।
খালি অবস্থায় বিমানটির ওজন ছিল প্রায় ১৮০ কেজি। পাইলট ও জ্বালানি নিয়ে উড্ডয়নের সময় ওজন দাঁড়াত প্রায় ২৬০ কেজি।
১৯৮৮ সালের ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসনের কাছে মারানা এয়ারপার্ক থেকে প্রথমবার আকাশে ওড়ে বাম্বল বি-২। সেই একটি উড্ডয়নই তাকে ইতিহাসের পাতায় জায়গা করে দেয়।
রেকর্ড ভাঙার লক্ষ্যেই তৈরি
বাম্বল বি-২ ছিল রবার্ট স্টারের ছোট বিমান তৈরির প্রথম প্রচেষ্টা নয়। এর আগে তিনি বিমান নকশাবিদ রে স্টিটের সঙ্গে কাজ করেছিলেন এবং ‘স্টিটস স্কাই বেবি’ উড়িয়েছিলেন। ১৯৫২ সালে প্রথম উড্ডয়নের পর সেটি বিশ্বের সবচেয়ে ছোট বিমান হিসেবে রেকর্ড গড়েছিল।
এরপর ১৯৮৪ সালে স্টার নিজেই ‘বাম্বল বি’ নামে একটি ছোট বিমান তৈরি ও উড্ডয়ন করেন। পরে সেই রেকর্ড ভেঙে গেলে আরও ছোট বিমান তৈরির সিদ্ধান্ত নেন তিনি। সেই প্রচেষ্টার ফলই ছিল বাম্বল বি-২।
মূলত কতটা ছোট আকারের মানববাহী বিমান তৈরি করা সম্ভব এবং সেটিকে বাস্তবে আকাশে ওড়ানো যায় কি না বিমান নির্মাতাদের মধ্যে চলা দীর্ঘদিনের এক প্রতিযোগিতার অংশ ছিল এই প্রচেষ্টা।
আকাশে ওড়ার এক মাস পরই দুর্ঘটনা
তবে বাম্বল বি-২-এর উড়ন্ত জীবন ছিল খুবই সংক্ষিপ্ত। প্রথম উড্ডয়নের মাত্র এক মাস পর, ১৯৮৮ সালের ৫ মে বিমানটি দুর্ঘটনার শিকার হয়। পাইলট রবার্ট স্টার আহত হলেও বেঁচে যান। দুর্ঘটনায় বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
বাম্বল বি-২-কে অত্যন্ত অস্থিতিশীল উড্ডয়ন বৈশিষ্ট্যের বিমান হিসেবেও বর্ণনা করা হয়েছে। ফলে এত ছোট একটি বিমান তৈরি করার পাশাপাশি সেটিকে নিরাপদে ওড়ানোও ছিল বড় চ্যালেঞ্জ।
তবে বিমানটি ধ্বংস হয়ে গেলেও এর রেকর্ড হারিয়ে যায়নি। স্টারের তৈরি আগের ‘বাম্বল বি’ এখনও সংরক্ষিত রয়েছে। ১৯৯০ সালে সেটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার পিমা এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে দান করা হয়।
আকাশে বাম্বল বি-২-এর দেখা মিলেছে মাত্র অল্প সময়ের জন্য। কিন্তু আকারে গাড়ির চেয়েও ছোট এই বিমানটি উড়ে যে রেকর্ড গড়ে গেছে, সেটিই তাকে বিমান ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়ে পরিণত করেছে।