বছরের শেষভাগে ছুটি কাটাতে ভারতের সবচেয়ে জনপ্রিয় অভ্যন্তরীণ বিমান গন্তব্য হয়ে উঠেছে বেঙ্গালুরু। ২০২৬ সালের শেষদিকে ভ্রমণের পরিকল্পনায় দিল্লিকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে কর্নাটকের এই শহর। ভ্রমণ সংস্থা ক্লিয়ারট্রিপের ‘পিকঅ্যাবু ট্রেন্ডস ট্র্যাকার’-এর তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় বেঙ্গালুরুগামী বিমানের বুকিং বেড়েছে ৬ দশমিক ২ শতাংশ। বেঙ্গালুরুর পাশাপাশি জনপ্রিয় গন্তব্যের তালিকায় রয়েছে দিল্লি, মুম্বাই, কলকাতা, হায়দারাবাদ, পুণে, গোয়া, গুয়াহাটি, কোচি ও চেন্নাই।
বছরশেষের ভ্রমণের চাহিদা শুধু বিমানেই সীমাবদ্ধ নেই। হোটেল, বাস ও ট্রেনের বুকিংয়েও দেখা যাচ্ছে উল্লেখযোগ্য বৃদ্ধি। বিশেষ করে তরুণ ভ্রমণকারীরা এই চাহিদা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছেন। বেঙ্গালুরুতে হোটেল বুকিং বেড়েছে ৮৮ দশমিক ১ শতাংশ। তবে হোটেল বুকিং বৃদ্ধির হারে আরও এগিয়ে রয়েছে কোচি ও মুম্বই। কোচিতে হোটেল বুকিং বেড়েছে ১৬৯ শতাংশ, আর মুম্বইয়ে ১১০ দশমিক ৬ শতাংশ। বারাণসী, দিল্লি, পুরী ও কলকাতাতেও হোটেল বুকিংয়ের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
অন্যদিকে, বাসযাত্রার ক্ষেত্রেও বেড়েছে পর্যটকদের আগ্রহ। গত বছরের তুলনায় বাসের টিকিট বুকিং বেড়েছে ১৫৯ দশমিক ৭ শতাংশ। বেঙ্গালুরুতে বাস বুকিং বৃদ্ধির হার ২৫৩ দশমিক ৮ শতাংশ। আর উদয়পুরে এই হার পৌঁছেছে ৪২৮ দশমিক ৬ শতাংশে। বেঙ্গালুরু থেকে হায়দরাবাদ, গোয়া, চেন্নাই ও এরনাকুলামগামী বাসের টিকিটের চাহিদাও বেড়েছে।
রেলপথেও ভ্রমণকারীদের আগ্রহ কম নয়। ট্রেনের মোট বুকিংয়ের ৭৪ দশমিক ৭ শতাংশই হচ্ছে শীতাতপনিয়ন্ত্রিত কামরায়। জনপ্রিয় রেলপথগুলির মধ্যে রয়েছে নয়াদিল্লি-বেঙ্গালুরু, নয়াদিল্লি-পাটনা, বারাণসী-নয়াদিল্লি এবং নয়াদিল্লি-মুম্বই।
আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে বছরশেষে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির প্রতি আগ্রহ বেশি। থাইল্যান্ড বরাবরের মতোই জনপ্রিয় গন্তব্য। পাশাপাশি ভিয়েতনাম ও জাপানেও বাড়ছে পর্যটকদের আনাগোনা। হ্যানয়গামী বুকিং বেড়েছে ৪৪ দশমিক ৬ শতাংশ, ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপে ৩৩ দশমিক ২ শতাংশ এবং টোকিওতে ২২ দশমিক ২ শতাংশ। আন্তর্জাতিক গন্তব্যের তালিকায় কলম্বোও এগিয়ে এসেছে। দুবাই ও ফুকেটকে পেছনে ফেলে জনপ্রিয়তার নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে শ্রীলঙ্কার রাজধানী।
শীতের আবহ উপভোগ করতেও অনেকেই বেছে নিচ্ছেন পাহাড়ি ও তুষারাবৃত অঞ্চল। ভারতের মধ্যে মানালি, মুসৌরি, উটি, ধর্মশালা ও পহেলগাম পর্যটকদের পছন্দের তালিকায় রয়েছে। বিদেশে শীতকালীন ভ্রমণের জনপ্রিয় গন্তব্য টোকিও, ওসাকা, বার্লিন, মিউনিখ ও কিয়োটো।
এবারের ভ্রমণ প্রবণতায় একা ঘুরতে যাওয়ার আগ্রহও স্পষ্ট। ২০২৬ সালে একক বিমানযাত্রীর অনুপাত ৫৯ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ৬৩ দশমিক ৩ শতাংশ হয়েছে। একা ভ্রমণকারী নারীদের অংশও বেড়েছে। মোট বিমান বুকিংয়ের ২২ দশমিক ৬ শতাংশ তাদের, যা আগের বছর ছিল ১৯ দশমিক ৮ শতাংশ। একা নারীদের বাসযাত্রার বুকিংও গত বছরের তুলনায় ১৬২ শতাংশ বেড়েছে।
বয়সভিত্তিক হিসাবে জেন জি বা তরুণ প্রজন্মের ভ্রমণ বাড়ছে সবচেয়ে দ্রুত। তবে মোট বুকিংয়ের নিরিখে ২৫ থেকে ৩৪ বছর বয়সিরাই এগিয়ে। ১৫ থেকে ৩৪ বছর বয়সি পর্যটকেরা মোট বিমান বুকিংয়ের ৫৭ দশমিক ৬ শতাংশ, হোটেল বুকিংয়ের ৫১ দশমিক ৪ শতাংশ, বাস বুকিংয়ের ৫০ শতাংশ এবং ট্রেন বুকিংয়ের ৬৬ দশমিক ২ শতাংশ করেছেন।
সব মিলিয়ে, শহরভিত্তিক ছোট ছুটি, বিদেশ ভ্রমণ, শীতের গন্তব্য এবং একা ঘুরতে যাওয়ার প্রবণতার কারণে ২০২৬ সালের বছরশেষের ভ্রমণচিত্রে নতুন মাত্রা যোগ হয়েছে। অভ্যন্তরীণ বিমানযাত্রার জনপ্রিয়তায় আপাতত সবার আগে বেঙ্গালুরু।